বিবিপি নিউজ: হাসপাতালে চিকিৎসাধীন শুভমান গিল। বোর্ডের তরফে ২৪ ঘন্টা আগেই জানানো হয়েছিল, আপাতত চেন্নাইয়েই থাকবেন গিল। জাতীয় দলের সঙ্গে দিল্লিতে যাবেন না। বোর্ডের মেডিক্যাল দলের তত্ত্বাবধানে থাকছেন তারকা ওপেনার।
ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার পর প্লেটলেট কাউন্ট দ্রুত কমে গিয়েছে তারকার। এতটাই যে তাঁকে চেন্নাইয়ের কাবেরি হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আর প্লেটলেট কাউন্ট কমে যাওয়ার কারণেই চিকিত্সকরা তাঁকে আপাতত এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে যাতায়াতে নিষেধ করেছেন। বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের চিকিত্সক রিজওয়ান খান আপাতত গিলের তত্ত্বাবধানে রয়েছেন।
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্ৰথম ম্যাচেই ভারতের টপ অর্ডারের অবস্থা বেআব্রু হয়ে গিয়েছিল। বিরাট কোহলি এবং কেএল রাহুলের ম্যাচ বাঁচানো দুর্দান্ত জোড়া হাফসেঞ্চুরি না থাকলে কী হত, ভাবতেই শিউরে উঠছেন ক্রিকেটপ্রেমীরা। সামনেই আফগানিস্তান ম্যাচ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নামছে দুই দল। প্ৰথম ম্যাচের মত সেই ম্যাচেও পাওয়া যাবে না শুভমান গিলকে। দুর্বল আফগানিস্তান ম্যাচ নয়, টিম ম্যানেজমেন্টের লক্ষ্য ছিল কোনওভাবে ১৪ অক্টোবর পাকিস্তান ম্যাচের আগে শুভমান গিলকে ফিট করে তোলা।
