বিবিপি নিউজ: ফের গ্রেফতার তৃনমূলের আরেক কাউন্সিলর তথা প্রাক্তন তৃনমূল বিধায়ীকার স্বামী দেবরাজ চক্রবর্তী। দেবরাজ তৃণমূলের সেনাপতি তথা সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতা হিসাবে পরিচিত। তিনি বর্তমানে বিধাননগর পুরসভার কাউন্সিলর। গত পুরভোটের পরে বিধাননগরের সম্ভাব্য মেয়র বা চেয়ারম্যান হিসেবে তাঁর নাম উঠে এসেছিল।
সমাজমাধ্যমে মঙ্গলবার রাত থেকেই তাঁর গ্রেপ্তারির খবর ঘিরে শুরু হয় তুমুল চর্চা। দেবরাজ চক্রবর্তী কীর্তনশিল্পী তথা তৃণমূলের রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়ীকা অদিতি মুন্সির স্বামী হিসেবেও পরিচিত। বিজেপির একাধিক নেতার পোস্ট ঘিরেই এই জল্পনার সূত্রপাত বলে জানা গিয়েছে। খবর ছড়ায়, উত্তর ২৪ পরগনার এই প্রভাবশালী নেতাকে কোনও তদন্তকারী সংস্থা আটক করেছে। যদিও রাত পর্যন্ত রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের তরফে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সূত্র মারফত দাবি করা হয়, তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে। বিজেপি সূত্রে দাবি করা হয়েছে, মঙ্গলবার রাতেই দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে। তোলাবাজি এবং দুর্নীতির মতো একাধিক অভিযোগে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে বলেও রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে।
