জুতো কারখানায় বিধ্বংসী আগুন, ঝলসে নিহত ২৮ - BBP NEWS

Breaking

শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

জুতো কারখানায় বিধ্বংসী আগুন, ঝলসে নিহত ২৮

 



বিবিপি নিউজ: বিধ্বংসী আগুনে ভষ্মিভূত চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের একটি জুতোর কারখানা। আগুনের লেলিহান শিখায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, কারখানার বহুতল ভবন থেকে ঘন কালো ধোঁয়া আকাশে কুণ্ডলী পাকিয়ে উঠছে এবং ভবনের ছাদে আটকা পড়া কর্মীরা বাঁচার জন্য আর্তি জানাচ্ছেন। অগ্নিকাণ্ডের পর ফুজিয়ান প্রদেশের ‘জুতোর রাজধানী’ হিসেবে পরিচিত এই শহরে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্বের মোট খেলার জুতোর প্রায় ২০ শতাংশ এই শহরেই উৎপাদিত হয়।


চীনের রাষ্ট্রীয় টেলিভিশন খবর অনুযায়ী, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই শত শত উদ্ধারকর্মী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। এখন পর্যন্ত ২০০ জনেরও বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। তবে দুর্ঘটনায় ঠিক কতজন আহত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক তদন্তে কর্মকর্তাদের ধারণা, কারখানার নিচু তলায় দাহ্য পদার্থ সংরক্ষণের স্থান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনার পর কারখানার মালিকপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে কর্তৃপক্ষ এবং পরবর্তী তদন্তের স্বার্থে প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এদিকে, এই ভয়াবহ প্রাণহানির ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি অগ্নিকাণ্ডের কারণ উদঘাটন এবং এর জন্য দায়ীদের কঠোর জবাবদিহিতার আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন।


Pages