বিবিপি নিউজ,কলকাতা: অবশেষে চাপের মুখে ক্ষমা চাইলেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। ভারতের স্বাধীনতা সংগ্রামে কোনও ভূমিকাই ছিল না নেতাজির! এমনই মন্তব্য করে বিতর্কের মুখে পড়েন বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ। বৃহস্পতিবার তাঁর ‘বঙ্গবিভূষণ’ সম্মান কেড়ে নেয় রাজ্য সরকার। এরপরই দুঃখ প্রকাশ করলেন সাংসদ।
নিজের সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিয়ো বার্তা পোস্ট করেছেন সাংসদ। সেখানে একটি লেখা থেকে পড়ে শোনাতে দেখা যাচ্ছে থাকে। তিনি বলছেন, “নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি। নেতাজি সম্পর্কে আমার কিছু অনিচ্ছাকৃত বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।”
বুধবারই মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছিলেন, নেতাজিকে নিয়ে কেউ কোনও অবমাননাকর কথা বললে, বা পোস্ট করলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। গ্রেফতারও করা হতে পারে। এরপর বৃহস্পতিবার বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে রয়েছেন অনন্ত মহারাজের অনুগামীরাও। এরপরই প্রশ্ন ওঠে অনন্ত মহারাজকে নিয়ে। এদিনই তাঁকে মমতা-সরকারের দেওয়া বঙ্গবিভূষণ কেড়ে নেওয়ার কথা জানায় রাজ্য সরকার। তবে অনন্তর বক্তব্য ছিল, তিনি কোনও মিথ্যা কথা বলেননি। বই থেকে নেওয়া তথ্যই উল্লেখ করেছেন মাত্র। এবার কিছুটা সুর নরম করলেন অনন্ত মহারাজ। নেতাজিকে নিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের করা মন্তব্যকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য-রাজনীতি। নেতাজি সম্পর্কে অনন্ত মহারাজ বলেছিলেন, তাঁর স্বাধীনতা সংগ্রামে কোনও ভূমিকা ছিল না। এমনকী নেতাজি আজাদ হিন্দ ফৌজের অপব্যবহার করেছিলেন বলেও মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতাজির অপমান নিয়ে কড়া বার্তা দেওয়ার পরও নিজের বক্তব্যে অনড় ছিলেন তিনি। এবার সেই মন্তব্যকে ‘অনিচ্ছাকৃত’ বলে দাবি করলেন অনন্ত মহারাজ।
