মাথার দাম ১ কোটি ঘোষণা! পুলিশের হাতে ধৃত মোস্ট ওয়ান্টেড মাওবাদী নেতা - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

মাথার দাম ১ কোটি ঘোষণা! পুলিশের হাতে ধৃত মোস্ট ওয়ান্টেড মাওবাদী নেতা

 



বিবিপি নিউজ: জঙ্গল ছিল তার আস্তানা। অবশেষে ৪ দশক পর পুলিশের হাতে গ্রেফতার হল মোস্ট ওয়ান্টেড মাওবাদী নেতা অসীম মণ্ডল আকাশ ওরফে মনোজ। পরিচিত এক ব্যক্তির কাছ থেকে পথখরচ নেওয়ার সময় কলকাতা পুলিশের এসটিএফ তাকে গ্রেফতার করেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে। ফেরার এই মাওবাদী নেতার মাথার দাম ১ কোটি টাকা ঘোষণা করেছিল পুলিশ। 



পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে পটাশপুরের একটি এলাকা থেকে আকাশকে আটক করা হয়। তাঁর কাছ থেকে দুটি ব্যাগ উদ্ধার হয়েছে। সেখানে মাওবাদী সংগঠনের বই-পুস্তিকা এবং কিছু বৈদ্যুতিন সরঞ্জাম ছিল বলে খবর। ২০১০ সালে সিপিআই(মাওবাদী ) সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক এবং পরবর্তীতে বাংলা-ঝাড়খণ্ড-ওড়িশা আঞ্চলিক কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পান আকাশ। কিষাণজির মৃত্যুর পর সংগঠনের শক্তি কমতে থাকায় ঝাড়খণ্ডে আত্মগোপন করেন। সম্প্রতি জঙ্গল ছেড়ে বেরিয়ে আসার পর আকাশকে খুঁজছিল বিভিন্ন রাজ্যের পুলিশ। শারীরিক সমস্যার কারণে তিনি জঙ্গল ছেড়েছিলেন বলে পুলিশের সূত্রের দাবি। তাঁর কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী আত্মসমর্পণ করলেও আকাশ আত্মসমর্পণ করতে চাননি বলে জানা গিয়েছে। অবশেষে বৃহস্পতিবার ভোররাতে তাকে গ্রেফতার করেছে পুলিশ। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ফুলচকের বাসিন্দা অসীম মণ্ডল ছাত্রজীবন থেকেই অতি-বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত হন। পরে পিডব্লিউজির সদস্য হয়ে সারেঙ্গা, গোয়ালতোড় এবং ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম এলাকায় সংগঠনের কাজ করেন। ২০০৪ সালে সিপিআই (মাওবাদী) গঠনের পর জঙ্গলমহলে সংগঠনের কাজে সক্রিয় হন তিনি। লালগড় আন্দোলনেও তাঁর ভূমিকা ছিল বলে পুলিশ সূত্রের দাবি।


Pages