বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, সতর্কতা জারি আবহাওয়া দফতরের - BBP NEWS

Breaking

শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, সতর্কতা জারি আবহাওয়া দফতরের

 


বিবিপি নিউজ: বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো শেষ হতেই ফের দুর্যোগের ঘনঘটা বঙ্গোপসাগরে। শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যা শক্তি বাড়িয়ে আগামী সোমবার অর্থাৎ লক্ষ্মীপুজোর পরের দিন সকালের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছে মৌসম ভবন।


আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, নিম্নচাপটি প্রথমে গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে এগোতে পারে। তবে এটি ঠিক কোথায় আছড়ে পড়বে, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানায়নি হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান জানান, পরিস্থিতির উপর একটানা নজর রাখা হচ্ছে।


এই সম্ভাব্য ঘূর্ণাবর্তের প্রভাবে উপকূলীয় অঞ্চলে শুক্রবার থেকেই আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ৩৫ থেকে ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যা পরবর্তীতে বেড়ে ৫৫ কিলোমিটারে পৌঁছাতে পারে। এর জেরে ২৩ থেকে ২৫ অক্টোবর পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে এবং ২৬ থেকে ২৮ অক্টোবর পূর্ব-পশ্চিম অংশে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।


এদিকে, পুজো কাটতেই বঙ্গে মনোরম ও শুষ্ক আবহাওয়া শুরু হয়েছিল। হালকা শীতের আমেজের মাঝে হঠাৎ এই নিম্নচাপের পূর্বাভাসে সাধারণ মানুষের মনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে এর কী প্রভাব পড়ে, সেটাই এখন দেখার বিষয়।

Pages