বিবিপি নিউজ,কলকাতা: যানজটের আশঙ্কায় সিটিয়ে মহানগরের গুরুত্বপূর্ণ রাস্তার নিত্যযাত্রীরা। আজ সোমবার থেকে রাস্তা বন্ধ হলদিরাম থেকে চিনারপার্ক পর্যন্ত।
বর্ষায় জল জমা আটকাতে হলদিরাম থেকে চিনারপার্কের দিকে যাওয়ার রাস্তায় ঢালাইয়ের কাজ চলছে। এর জন্য মেন রোড বন্ধ করে দেওয়া হল। পরিবর্তে সেখানে সার্ভিস রোড দিয়ে গাড়ি যাতায়াত করছে।
শনি ও রবিবার ছুটির দিন থাকায় সেভাবে যানজট হয়নি। আজ, সোমবার কাজের দিনে গাড়ির চাপ বাড়লে অফিসে টাইমে যানজটের আশঙ্কা রয়েছে বলে ট্রাফিকের পদস্থ কর্তারা মনে করছেন।
বিধাননগর পুলিস কমিশনারেটের ট্রাফিক বিভাগের এক পদস্থ আধিকারিক বলেন, এর আগে রাস্তার একটি অংশ বন্ধ করে কাজ হচ্ছিল। এবার পুরো রাস্তাটিই বন্ধ করে দেওয়া হয়েছে। সব গাড়িই সার্ভিস রোড দিয়ে চলাচল করছে। মনে করা হচ্ছে, কাজ সম্পূর্ণ হতে এখনও ১৫ দিন সময় লাগবে।
