বিবিপি নিউজ,কলকাতা: বহুদিন ধরে ভাড়াবাড়িতে চলত খাদ্য দপ্তরের কার্যালয়। সম্প্রতি ওই জায়গাগুলিতেই রেশনিং অফিস চালু রাখা সংক্রান্ত একটি মামলায় রাজ্য সরকারের হার হয়। ফলে কিছুদিনের মধ্যেই ভাড়াবাড়িগুলি ছেড়ে দিতে হবে। পুরসভার বরো কার্যালয়ে অনেক ক্ষেত্রেই উদ্বৃত্ত জায়গা রয়েছে। মুচিপাড়া, আমহার্স্ট স্ট্রিট, হালতু এবং ভবানীপুরের রেশনিং অফিস উঠে আসছে কলকাতা পুরসভার স্থানীয় কার্যালয়ে।
তাই এদিন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এ বিষয়ে আলোচনা করেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে। তারপর জ্যোতিপ্রিয় মল্লিক এই খবর জানান। তিনি আরও বলেন, কলকাতায় কিছু ক্ষেত্রে ডিজিটাল রেশন কার্ডে তথ্যগত ভূল হয়েছে। আমরা ৫০ জন কর্মীকে নামাচ্ছি সারা শহরে। তাঁরা ভুল ছাপা কার্ডগুলি ঠিক করে দেবেন।
অন্যদিকে, পুরসভার বাজারগুলিতে চালানো দোকানের ট্রেড লাইসেন্স পুনর্নবীকরণ করতে গেলে এবার কিছু বাড়তি শর্ত চাপানো হবে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার এ নিয়ে বাজার বিভাগের আধিকারিকরা বৈঠক করেন। জানা গিয়েছে, প্লাস্টিক ও ত্রিপলের ছাউনি বর্জন করতে বিশেষ শর্ত আরোপ করা হতে পারে।
