বিবিপি নিউজ,ঐশ্বর্য্য দাস: ২১ জুলাইয়ের মঞ্চেও তৃণমূলকে গান গাইতে দেখা গিয়েছিল নচিকেতাকে। আর সেই নচিকেতাই এবার গানের মাধ্যমে আক্রমণ করছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শনিবার সকাল থেকেই সেই গান ভাইরাল। সোশ্যাল মিডিয়া, সংবাদমাধ্যমে বারবার শোনা যাচ্ছে, "খেয়েছেন যারা কাটমানি, দাদারা অথবা দিদিমণি…"
গানের ভিডিও দেখার পর থেকেই জল্পনা ঘুরে-ফিরে বেড়াচ্ছিল। তবে কী বিজেপি শিবিরের পথে নচি? সেই প্রশ্নেরই জবাব দিলেন আর এক বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
এদিন বিকেলেই বিজেপির সদর দফতরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলে নেত্রী লকেট।শাসকদলের বিরুদ্ধে এভাবে সুর চড়ানোয় খুশি তিনি। বলেন, 'নচি দা বুকে সাহস রেখে শাসকদলের বিরুদ্ধে সত্যিকথা গুলো বলতে পেরেছে। তার জন্য শুভেচ্ছা।'
নচিকেতা বিজেপিতে যোগ দিচ্ছেন কিনা জানতে চাওয়া হলে লকেট চট্টোপাধ্যায় বলেন, নচি দা যদি আসেন, ওনাকে সবসময় স্বাগত জানাবো।' নচিকেতার মত যাঁরা কাছ থেকে অন্যায়টা দেখছেন তাঁরাও যাতে এভাবেই প্রতিবাদ জানান, সেই বার্তাও দিয়েছেন লকেট।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় ভিডিওটি শেয়ার করে লেখেন, 'মানুষের মনের কথা গানের মাধ্যমে সঠিক মাত্রার 'Sattire'-এর তড়কা লাগিয়ে সকলের সামনে নিয়ে আসার জন্য নচিকেতা-দাকে আমার অশেষ ধন্যবাদ৷'
