বিবিপি নিউজ,জ্যোতির্ময়ী রায়,নদিয়া: ব্যাঙ্ক ডাকাতির মামলা ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে নিজেই ফেঁসে গেলেন এক সাব ইন্সপেক্টর। একই সঙ্গে ফাঁসলেন এক তৃণমূল নেতাও। দুর্নীতি দমন শাখার অফিসারদের পাতা ফাঁদে পা দিয়ে হাতেনাতে ধরা পড়ে গেলেন ওই দু' জন।
ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহ থানা এলাকায়। অভিযুক্ত এসআই অনুপ পাল চাকদহ থানাতেই কর্মরত ছিলেন। তাঁর সঙ্গেই গ্রেফতার করা হয়েছে শুভাশিস দে নামে এক তৃণমূল নেতাকে। তিনি চাকদহ ব্লকের তাত্লা এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের ভাই।
সূত্রের খবর,গত বছর আগস্ট মাসে চাকদহ থানার সূত্রায় একটি সমবায় ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে।সেই ডাকাতির ঘটনায় তদন্তকারী অফিসার ছিলেন চাকদহ থানার এসআই অনুপ পাল।
এই ঘটনায় এখনও পর্যন্ত দু' জনকে গ্রেফতারও করেছে পুলিশ। অভিযোগ, জুন মাসের ৫ তারিখে ওই সমবায় ব্যাঙ্কের কর্মী বিশ্বজিত্ ঘোষের কাছে হঠাত্ই ৩ লক্ষ টাকা দাবি করেন এসআই অনুপ পাল। অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত প্রধানের ভাই তৃণমূল নেতা শুভাশিস দেরর মাধ্যমে বিশ্বজিত্ বাবুর কাছ থেকে ওই টাকা দাবি করেছিলেন ওই পুলিশ কর্মী। অভিযোগ, টাকা না দিলে বিশ্বজিত্ বাবুকে ব্যাঙ্ক ডাকাতি মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে বলে হুমকিও দিয়েছিলেন ওই তৃণমূল নেতা এবং পুলিশ কর্মী।
এর পরই বিশ্বজিত্বাবু তাঁর আইনজীবীর সঙ্গে পরামর্শ করে কলকাতায় দুর্নীতি দমন শাখায় ওই পুলিশ কর্মী এবং তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তার পরেই ফাঁদ পাতেন দুর্নীতি দমন শাখার অফিসাররা। শুক্রবার ওই তৃণমূল নেতার বাড়িতে ৩ লক্ষ টাকা ঘুষ দেবেন বলে হাজির হন বিশ্বজিত্বাবু। সেখানে হাজির ছিলেন অভিযুক্ত এসআই অনুপ পাল। তক্কে তক্কে ছিলেন দুর্নীতি দমন শাখার অফিসাররা। ঘুষ নেওয়ার সময় এসআই অনুপ পাল ও তৃণমূল নেতা শুভাশিস দেকে হাতেনাতে ধরে ফেলেন তাঁরা। শুক্রবার রাতেই ধৃত দু' জনকে কলকাতা নিয়ে যাওয়া হয়েছে।
