লকডাউনে জমিয়ে তাসের আসর,করোনা আক্রান্ত ২৪ জন - BBP NEWS

Breaking

রবিবার, ২৬ এপ্রিল, ২০২০

লকডাউনে জমিয়ে তাসের আসর,করোনা আক্রান্ত ২৪ জন


বিবিপি নিউজ: দ্বীতিয় দফা লকডাউন চলছে দেশব্যাপী। করোনা ভাইরাস সংক্রমণ রোধ করতে
 জনতা কার্ফুর পরে লকডাউনের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারবার সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দিলেও যে থোড়াই কেয়ার সাধারণ মানুষের তার উদাহরণ স্পষ্ট। লকডাউনে ঘরবন্দী সকলেই। হাতে সময় প্রচুর। কাটছে না দিন বসে বসে।‌ কিছু মানুষ জমায়েত করে তাস খেলছেন, আড্ডা দিচ্ছেন। বাড়ছে সংক্রমণ। সরকার ও অন্য মানুষের এত চেষ্টা বিফলে যাচ্ছে। তাসের আসরে তাস খেলায় করোনায় সংক্রমিত হলেন ২৪ জন।

ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া শহরে।   লকডাউনের সময় তাস খেলতে বসেছিলেন একসঙ্গে। দর্শকও ছিল। ব্যস, আর শেষ রক্ষে হল না। কৃষ্ণা জেলার জেলাশাসক মহম্মদ ইমতিয়াজ এই ২৪ জনের একসঙ্গে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, সামাজিক দূরত্ব না মেনে মেলামেশার জন্য একজন ট্রাক ড্রাইভারের থেকে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ২৪ জন।

জেলাশাসক আরও জানান, কৃষ্ণা এলাকায় বন্ধু ও প্রতিবেশীদের নিয়ে সময় কাটানোর জন্য তাস খেলেছিল ওই ট্রাক ড্রাইভার। সেখান থেকেই আক্রান্ত হয়েছেন ২৪ জন। এছাড়া গ্রামের মহিলারা সময় কাটানোর জন্য তাম্বোলা খেলছেন। সেখান থেকেও করোনা সংক্রমণের আশঙ্কা তৈরি হয়েছে।
প্রসঙ্গত, এর আগে তেলেঙ্গানার এক মহিলা একাই ৩১ জনকে আক্রান্ত করেছিলেন। লকডাউনের সময় তিনি পাড়ার বাড়ি বাড়ি গিয়ে লুডো খেলতেন। তাঁর শরীরে করোনার জীবাণু ছিল। আর লুডো খেলার চোটে তাঁর থেকে আক্রান্ত হয়েছেন আরও ৩১ জন। 

Pages