বিবিপি নিউজ: বুধবার ভারতীয় সেনাবাহিনী এনকাউন্টারে খতম হয় হিজবুল মুজাহিদিনের প্রথম সারির জঙ্গি রিয়াজ নাইকু। তার কয়েকঘন্টা পরেই আজ বৃহস্পতিবার বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনাবাহিনী। তল্লাশি চালিয়ে জীবিত অবস্থায় গ্রেফতার করলেন আরেক জঙ্গি মাথাকে। আজ বৃহস্পতিবার সকালে জম্বু ও কাশ্মীরের ডোদা জেলার গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী যৌথ তল্লাশি শুরু করে। এরপরেই ডোদা জেলার শিব গ্রামে গোপন ডেরা থেকে একটি
ওয়্যারলেস ফোন ও পিস্তলসহ গ্রেফতার করেছে। জানা গেছে ধৃত ওই ব্যক্তি হিজবুল মুজাহিদিনদের কাশ্মীরের স্থলবাহিনী দেখাশোনা করতেন। ধৃতের নাম রাকিব আলম। পুলিশ ও সেনাবাহিনী যৌথ তল্লাশিতে ওই জঙ্গিকে গ্রেফতারে বেশ কিছু তথ্য পাওয়া যাবে বলে মনে করছেন গোয়েন্দা কর্মকর্তারা।
প্রসঙ্গত, গতকাল বুধবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় এনকাউন্টারে খতম করা হয় কাশ্মীর উপত্যকায় নিষিদ্ধ হিজবুল জঙ্গিদের মাথা রিয়াজ নাইকুকে। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে রিয়াজের খোঁজে অভিযান শুরু করে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ দল। অবন্তীপোরার বেইগপোরা গ্রামের কাছে আটকে পড়ে ওই হিজবুল জঙ্গি। এনকাউন্টারে খতম করে সেনাবাহিনী। পুরো অভিযানের উপর নজরদারি চালিয়েছিলেন জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং। গোয়েন্দারা জানিয়েছেন, ২০১৬ সালের ৮ জুলাই অনন্তনাগের কোকারনাগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে বুরহান ওয়ানির মৃত্যুর পর উপত্যকায় হিজবুলের প্রধান হয়ে উঠেছিল রিয়াজ।
