লকডাউনে বাজি কারখানায় লুকিয়ে চলছিল কাজ, ভয়াবহ বিস্ফোরণ মৃত ৩ মহিলা - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ৫ মে, ২০২০

লকডাউনে বাজি কারখানায় লুকিয়ে চলছিল কাজ, ভয়াবহ বিস্ফোরণ মৃত ৩ মহিলা


 বিবিপি নিউজ: দেশ জুড়ে লকডাউনের মধ্যে লুকিয়ে লুকিয়ে চলছিল বাজি তৈরির কাজ। সে সময় অসাবধানতাবশত আগুন লেগে যায় বাজি তৈরীর সামগ্রীতে। এরপরেই ভয়াবহ বিষ্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। আগুনে পুড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। ঝলসে গিয়েছে দুই নাবালক সহ বেশ কয়েকজন শ্রমিকের।

ঘটনাটি ঘটেছে, সোমবার উত্তরপ্রদেশের কোখরাজ এলাকায়। সেখানকার ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ রামভীর সিং জানিয়েছেন, তিন মহিলা শ্রমিকের মৃত্যু হয়েছে ঘটনায়। জানা গেছে ভারওয়ারি পুলিশ পোস্টের একেবারেই ঢিল ছোড়া দূরত্বে হায়দার আলি নামে এক ব্যক্তির বাড়ির পিছনের বসে বাজি তৈরির কাজ করছিলেন তাঁরা। কাজ করার সময়ই আচমকা বিস্ফোরণ হয়।
ঘটনাস্থলেই মৃত্যু হয় গীতা দেবী, পুষ্পা এবং রাধিকার। তিন জনেই পুড়ে গিয়ে মারা গিয়েছেন।

স্থানীয়রাই প্রথমে এগিয়ে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর পৌঁছয় দমকল। ভয়াবহ আগুনের আঁচে ঝলসে গিয়েছেন অনেকেই। তাঁদের পুলিশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। আহতরা হলেন আলবিনা, নাজিম, নাগমা, রাশিদা এবং দুই নাবালক। আহত রশিদার বক্তব্য, দুপুরে ওই কারখানার ভিতরে রান্না করছিলেন তাঁরা। গ্যাস পাইপ লিক করার ফলেই সেখানে বিস্ফোরণ হয় এবং আগুন লেগে যায়।বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে পাশের বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়ে। দেওয়াল ভেঙে যায়। ওই কারখানার কোনও লাইসেন্স ছিল না বলে জানতে পেরেছে পুলিশ। 

Pages