বিবিপি নিউজ: করোনা অতিমারির মাঝে কৃষ্ণাঙ্গ হত্যায় জ্বলছে আমেরিকা। একের পর এক শহরে বিক্ষোভের আঁচ পড়ছে। এমন পরিস্থিতিতে কৃষ্ণাঙ্গ খুনে অভিযুক্ত পুলিশ অফিসার ডেরেক শওভিনের কপালে নেমে এসেছে আরও বড় দুশ্চিন্তা। তাঁর স্ত্রী কেলি মে শওভিন ডিভোর্স চেয়ে মামলা করলেন। এর পাশাপাশি নিজের পদবী পালটানোর জন্যেও আরজি জানিয়েছেন।
ডেরেক শওভিনের বিরুদ্ধে ইতোমধ্যেই থার্ড ডিগ্রি খুনের ধারায় মামলা করা হয়েছে। ঘটনার সময় তাঁকে সাহায্য করার জন্য আরও তিন পুলিশকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এই ঘটনার জেরেই ভাঙতে চলেছে অভিযুক্ত পুলিশ অফিসারের ১০ বছরের দাম্পত্য। তবে বছর ৪৫-এর কেলি মে শওভিন কোনও ধরনের খোরপোশ দাবি করেননি।
প্রসঙ্গত, গত ২৫ মে চেক জালিয়াতির অভিযোগে, মিনিয়াপলিসে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ ব্য়ক্তিকে রাস্তায় ফেলে নৃশংস অত্যাচার চালায় পুলিশ। শ্বাস নিতে কষ্ট হচ্ছে বলে বার বার আরজি জানালেও, হাঁটু দিয়ে তাঁর গলা চেপে বসে থাকেন ডেরেক শওভিন। অভিযুক্তের পিঠের উপর চাপ দিয়ে বসে থাকেন আরও দুই পুলিশকর্মী। তার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর ৪৬-এর জর্জ ফ্লয়েডের। এর পরেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিও ফুটেজ। তারপর থেকেই হিংসার আগুনে জ্বলছে আমেরিকা।
