বিবিপি নিউজ: লকডাউনে অবাঞ্ছিত গর্ভধারণ রুখতে বেজায় চিন্তিত স্বাস্থ্য দফতর। ফলে করোনা ভাইরাস অতিমারিতে চলা লকডাউনে ঘরমুখো শ্রমিকদের বিনামূল্যে কন্ডোম বিতরণ করছে বিহারের স্বাস্থ্য দফতর। সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে থাকা শ্রমিক এবং সেখান থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরা পরিযায়ী পরিবারগুলিকে কন্ডোম দেওয়া হচ্ছে।
দেশব্যাপী লকডাউনের কারণে রোজগার হারিয়ে ঘরমুখী হয়েছেন অসংখ্য পরিযায়ী শ্রমিক। নিজের রাজ্যে ফেরার পরে প্রতিটি শ্রমিককে ১৪ দিন সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে বাধ্যতামূলক থাকতে হচ্ছে। বিহারে ফেরত আসা ২৮-২৯ লাখ শ্রমিকের মধ্যে ৮.৭৭ লাখ শ্রমিককে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের পরে ছেড়ে দেওয়া হয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতরের এক আধিকারিক সম্প্রতি সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, ‘সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে থাকার পরে পরিযায়ী শ্রমিকরা এবার বাড়ি ফিরছেন। এই সময় অবাঞ্ছিত গর্ভধারণের সম্ভাবনা থাকায় আমরা তাঁদের কাউন্সেল করছি এবং বিপদ এড়াতে কন্ডোম দিচ্ছি।’তবে কন্ডোম বিতরণের সঙ্গে করোনা সংক্রমণের কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছেন ওই স্বাস্থ্য আধিকারিক।
