বিবিপি নিউজ: পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরা নিয়ে দেশে রাজনৈতিক তরজা অব্যহত। এরই মাঝে পরিযায়ীদের ঘরে ফেরাতে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বলিউডের তারকা অভিনেতা সোনু সুদ। এখনও পর্যন্ত কয়েক হাজার পরিযায়ী শ্রমিকদের তাদের ঘরে পৌঁছে দিয়েছেন। এমন পরিস্থিতিতে
মুম্বইতে আটকে পড়া শ্রমিকদের রাজ্যে ফেরাতে সোনু সুদের দ্বারস্থ হয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানে বিজেপি বিধায়ক রাজেন্দ্র শুক্লা।
সম্প্রতি ট্যুইটারে সোনু সুদকে ট্যাগ করে এক বার্তায় মধ্য প্রদেশের বিজেপি বিধায়ক রাজেন্দ্র শুক্লা আবেদন করেন, ‘সোনু সুদ-জি, রেওয়া ও সাতনার বাসিন্দা কয়েক জন শ্রমিক বেশ কিছু দিন মুম্বইতে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। দয়া করে তাঁদের বাড়ি ফিরতে সাহায্য করুন।’ বিধায়কের টুইটের জবাবে সোনু লেখেন, ‘স্যার, আর কোনও পরিযায়ী ভাই কোথাও বিচ্ছিন্ন হয়ে থাকবেন না। আগামিকালই আপনার পরিযায়ী ভাইদের ঘরে ফেরত পাঠানো হবে। এবার মধ্য প্রদেশ গেলে দয়া করে আমায় পোহা খাওয়াবেন।’
প্রসঙ্গত, সরকারি উদ্যোগে ৫.৫ লাখ পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে আনার সাফল্য দাবি করছেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, অথচ তাঁরই দলের বিধায়কের এমন ট্যুইটে সবর হয়েছেন কংগ্রেস। বিজেপি বিধায়কের টুইটের প্রসঙ্গে রাজ্যের প্রাক্তন কংগ্রেস সভাপতি অরুণ যাদব পালটা টুইট করেন, ‘রাজেন্দ্র শুক্লার টুইট মধ্য প্রদেশের আসল তিক্ত চিত্র ফুটিয়ে তুলেছে। শিবরাজ জি দেখুন, আপনার প্রাক্তন মন্ত্রী তথা রেওয়ার বিজেপি বিধায়কের সরকারের প্রতি বিন্দুমাত্র আস্থা নেই। এই কারণে মুম্বইতে বিচ্ছিন্ন হয়ে পড়া রাজ্যের শ্রমিকদের ফেরাতচে তাঁকে সোনু সুদের শরণাপন্ন হতে হয়েছে।’
