বিবিপি নিউজ: ফের বিতর্কে যোগী রাজ্যের পুলিশ।
ইন্সপেক্টরের বিদায় অনুষ্ঠানে গাড়ি ও বাইকে শোভাযাত্রা করে ফাঁপরে পড়লেন উত্তরপ্রদেশের আম্বেদকর জেলার বাসখারি পুলিশ স্টেশনের এসএইচও-সহ ১১জন পুলিশকর্মী।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, লকডাউন অমান্য করে বাইক ও গাড়ি করে শোভাযাত্রা করছেন খোদ পুলিশকর্মীরা।
ভিডিয়োতে স্পষ্ট দেখা গিয়েছে, কোনও পুলিশকর্মীর মুখে মাস্ক ছিল না সেদিন। সংক্রমণের আতঙ্ক ও লকডাউনের শর্ত শিকেয় তুলে বেশ খোশমেজাজেই শোভাযাত্রায় মত্ত ছিলেন উপস্থিত পুলিশকর্মীরা। ঘটনা সামনে আসতেই এসএইচও মনোজ সিংকে বরখাস্ত করেছেন এসপি অলোক প্রিয়দর্শী।
লকডাউন অমান্য ও সামাজিক দূরত্ব বজায় না রেখে চলার অপরাধে ওই পুলিশ আধিকারিকের পাশাপাশি শাস্তি হতে পারে এসপি পদের এক অফিসারেরও। ভিডিয়োতে দেখা গিয়েছে, এসএইচওয়ের বিদায় অনুষ্ঠানে পুলিশকর্মীদের বাইক ও গাড়ির র্যালি বের হয়েছে। যেখানে পাঁচটি পুলিশ বাইক ও তিনটি পুলিশের জিপ এসকর্ট করে নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে। প্রত্যেকের গায়েই ছিল পুলিশের ইউনিফর্ম। জিপের সাইরেনে গোটা এলাকায় কান পাতা দায়।
