বিবিপি নিউজ: করোনায় সংক্রমিত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল রোগীর। এর জেরে হাসপাতালে তান্ডব চালাল মৃতের পরিজনরা। পাশাপাশি কর্মরত চিকিৎসককে মারধরের চেষ্টা, ও হাসপাতাল চত্বরে ভাঙচুর করে অ্যাম্বুল্যান্সে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেলাগাভী।
জানা গেছে, কয়েকদিন আগে তীব্র শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে বেলাগাভীর এক হাসপাতালে ভর্তি হন ওই রোগী। এরপরে তার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজেটিভ আসে। ইতিমধ্যেই তাঁর অবস্থা আশঙ্কাজনক হতে থাকায় তাকে আইসিইউতে পাঠানোর হয়। এরপরেই আইসিইউতে তাঁর মৃত্যু হয়।
মৃত্যুর খবর পেয়েই হাসপাতালে ছুটে আসে পরিজনরা। এরপরেই হাসপাতাল লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। হাসপাতালের আইসিইউ-এর দায়িত্বে থাকা চিকিৎসককে তাদের হাতে তুলে দেওয়ার দাবি করতে থাকে তারা। এর পরেই হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুল্যান্সে আগুন ধরিয়ে দেয় তারা। দাউ দাউ করে জ্বলতে থাকে অ্যাম্বুল্যান্স। পুরো হাসপাতাল চত্বর ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ বাহিনী ও পুলিশ কমিশনার। বিক্ষোভ নিয়ন্ত্রণ করে আগুন নেভানোর ব্যবস্থা করেন তাঁরা।

