বিবিপি নিউজ: বেইরুটে ভয়বহ বিষ্ফোরণ এখনও পর্যন্ত একশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে৷ পাশাপাশি ৫ হাজারের কাছাকাছি মানুষ জখম হয়েছেন। মঙ্গলবার বিকেলে পর পর দুটো জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে বেইরুটের বন্দর এলাকা। বিষ্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ১০ কিলোমিটার দূর পর্যন্ত ঘরবাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। কম্পন অনুভূত হয় বেইরুটের ২৪০ কিলোমিটার পশ্চিমে সাইপ্রাস দ্বীপেও।
ইতিমধ্যেই লেবানন প্রশাসন জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে। গোটা বন্দর এলাকা ধ্বংস স্তুপে পরিণত হয়েছে। যেখানে বিস্ফোরণ হয়েছে, সেই বন্দর এলাকা জনবহুল। বিস্ফোরণ স্থলের কাছাকাছি সব ঘরবাড়ি গুঁড়িয়ে গিয়েছে। ভেঙে পড়েছে বেশ কয়েকটি বহুতল। সেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান অনেক মানুষ। বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বুধবার জাতীয় শোক দিবসের ঘোষণা করেছেন লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব। তবে কিভাবে বিষ্ফোরণ ঘটেছে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। সেদেশের প্রধানমন্ত্রী হাসান দিয়াব এক বিবৃতিতে জানিয়েছেন, বন্দর এলাকার একটি গুদামে ২৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট মজুত ছিল গত ছয় বছর ধরে। তাতেই হয়তো বিস্ফোরণ ঘটেছে।
লেবাননের প্রধানমন্ত্রী এও জানিয়েছেন, এত বিপুল পরিমাণে বিস্ফোরক মজুত কী ভাবে করা হল তা খতিয়ে দেখা হচ্ছে। কোনও রকম সতর্কতামূলক ব্যবস্থা ছাড়া কেন এত বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করা হয়েছে তাও খতিয়ে দেখা হবে। এই ঘটনার জন্যা যারা দায়ী তাদের কঠোরতম শাস্তি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী। একটা তদন্তকারী কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি। পাঁচ দিনের মধ্যে সেই কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। তদন্তকারীদের অনুমান, গুদামে বা তার আশপাশে আগুন লেগে গিয়েছিল। সেই আগুনের জেরেই বিস্ফোরণ ঘটেছে।


