বিবিপি নিউজ: করোনা ভাইরাসের টিকা আবিষ্কার নিয়ে গোটা বিশ্বের পাশাপাশি ভারতীয় বিজ্ঞানীরাও পিছিয়ে নেই। ইতিমধ্যেই ভারত বায়োটেক ও জাইডাস ক্যাডিলার তৈরি করোনা প্রতিষেধকের প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়াল সম্পন্ন হয়েছে গত সপ্তাহে। এরই মধ্যে ভারত বায়োটেকের তৈরি করোনা টিকা Covaxin-এর প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়ালের প্রাথমিক ফলাফল যথেষ্ঠ ভালো বলেই দাবি করেছেন এই ট্রায়ালের প্রধান পর্যবেক্ষক ডঃ সবিতা বর্মা।
এ বার দেশে শুরু হতে চলেছে ভারত বায়োটেক আর জাইডাস ক্যাডিলার তৈরি দু’টি করোনা টিকার দ্বিতীয় পর্বের হিউম্যান ট্রায়াল! মঙ্গলবার ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (ICMR)-এর ডিরেক্টর জেনারেল ডঃ বলরাম ভার্গব জানান, ভারতে এই মুহূর্তে তিনটি প্রতিষেধক তিনটি ভিন্ন পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল পর্বের মধ্যে দিয়ে যাচ্ছে। এর মধ্যে প্রথম পর্বের ট্রায়ালে ভাইরাস নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে ভারত বায়োটেকের তৈরি করোনা টিকা Covaxin। অন্যদিকে প্রথম পর্বের ট্রায়াল সুষ্ঠু ভাবে সম্পন্ন করেছে আহমেদাবাদের ফার্মাসিউটিক্যাল সংস্থা জাইডাস ক্যাডিলার তৈরি করোনার ডিএনএ টিকা । প্রথম পর্বের ট্রায়াল শেষে এ বার এই দু’টি করোনা টিকার দ্বিতীয় পর্বের হিউম্যান ট্রায়াল শুরু হবে।
