বিবিপি নিউজ: মারন ভাইরাস করোনা মহামারির মধ্যে পেনশনভোগীদের সুবিধার্থে একাধিক পরিষেবা শুরু করেছে ভারতীয় ডাক। এবার সেই রেশ ধরেই বাড়ি থেকেই পেনশনভোগীদের ‘লাইফ সার্টিফিকেট’ জমা দেওয়ার বন্দোবস্ত করল ডাক বিভাগের ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক (আইপিপিবি)।
আজ, ১ নভেম্বর থেকেই মিলবে সেই পরিষেবা। প্রতি বছর নির্ধারিত সময় ব্যাঙ্ক বা ডাকঘরে গিয়ে ‘লাইফ সার্টিফিকেট’ জমা দেন পেনশনভোগীরা। তবে যে প্রবীণরা সশরীরের উপস্থিত থাকতে পারেন না, তাঁদের ক্ষেত্রে অনেক সময় ব্যাঙ্ক বা ডাকঘরের কর্মীরা সেই পেনশনভোগীর বাড়ি যান। সেখানেই যাবতীয় প্রক্রিয়া পূরণ করেন। পাশাপাশি অনলাইনে ‘জীবন প্রমাণ পোর্টাল’-এর (Jeevan Pramaan) মাধ্যমে ‘লাইফ সার্টিফিকেট’ জমা দেওয়ার সুযোগ থাকলেও প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হন কেউ কেউ। পাশাপাশি অনলাইনে সেই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বায়োমেট্রিকের প্রয়োজন হয়। সেই যন্ত্র সকলের পক্ষে কেনা সম্ভব হয় না। তারইমধ্যে এবার করোনা পরিস্থিতিতে প্রবীণদের পক্ষে বাড়ির বাইরে বেরনোরও যথেষ্ট ঝুঁকিপূর্ণ। ব্যাঙ্ক, ডাকঘর বা গ্রাহক সেবা কেন্দ্রে ভিড়ের ফলে সংক্রমণের আশঙ্কাও আছে। তাই এবার সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা পেনশনভোগীদের বাড়িতে যাবেন। তাঁরা প্রয়োজনীয় বিভিন্ন কাজ করবেন। পরিষেবার জন্য ফোন করতে হবে এই নম্বরে ১৫৫২৯৯। এই পরিষেবা পেতে খরচ হবে ৭০ টাকা।
