বিবিপি নিউজ: করোনা কালে বিহার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ নির্বিঘ্নে চলছিল। কিন্তু আজ শনিবার দুপুর গড়াতেই পুর্ণিয়ায় বুথের বাইরে বোমা বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে গুলি চালায় আধাসামরিক বাহিনী।তবে এর জেরে ভোটদান পর্বে বাধা তৈরি হয়নি, জানিয়েছেন বিহারের মুখ্য নির্বাচন আধিকারিক এইচ আর শ্রীনিবাস।
জানা গেছে, শনিবার দুপুরে পুর্ণিয়ার ধামধাহা নির্বাচনী কেন্দ্রে ভোট বুথের বাইরে বোমা ফাটায় দুষ্কৃতীরা। এরপরেই পরিস্থিতি সামলাতে গুলি চালায় আধাসামরিক বাহিনী। ঘটনায় গ্রেফতার হয়েছে চার জন। পুর্ণিয়ার এসপি বিশাল শর্মা জানিয়েছেন, সামাজিক দূরত্ব বজায় রেখে লাইনে ভোটারদের আধাসামরিক বাহিনীর জওয়ানরা দাঁড় করাতে গেলে কথা কাটাকাটি শুরু হয়। এরপরেই আচমকা বুথের বাইরে দিশি বোমা ফাটে। যদিও নিরাপত্তা বাহিনীর তৎপরতায় শান্তিতেই ওই বুথে ভোটদান চলেছে বলে জানা গিয়েছে। অন্য দিকে, এদিন করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মারা গিয়েছেন মধুবনি জেলার বেনিপট্টি কেন্দ্রের নির্দল প্রার্থী নীরজ ঝা। তিনি পটনার এইমস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পাশাপাশি এদিন এক নির্বাচনকর্মী অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
