বিবিপি নিউজ: করোনাকালে বিহার বিধানসভা নির্বাচনের ময়দানে অনেকটাই অক্সিজেন পেল বামেরা। প্রায় ২৫ বছর পর বিহার নির্বাচনে ভালো ফল করলেন। আরজেডির সঙ্গে জোট বেঁধে বিহারে ২৯টি আসনে লড়াই করেছিল তিন বাম দল। পরিস্থিতির বড়সড় পরিবর্তন না হলে এর মধ্যে ১৮টি আসনে জিততে পারে তারা। অর্থাৎ বামেদের স্ট্রাইক রেট ৬০ শতাংশের বেশি। এমনকী, স্ট্রাইক রেটের নিরিখে বিজেপি ও কংগ্রেসের তুলনায় অনেকটাই এগিয়ে বামেরা।
২৪৩ আসনের বিহার বিধানসভার মোট ২৯টি আসন ভাগাভাগি করেছিল তিন বাম দল-সিপিআই, সিপিএম এবং সিপিআই (এমএল) লিবারেশন। এর মধ্যে সিপিআই (এমএল) ১৯, সিপিআই ৬ এবং সিপিএম ৪টিতে প্রার্থী দেয়। প্রতিবেদনটি প্রকাশ হওয়ার আগে পর্যন্ত বিহারে সিপিআই (এমএল) ১১ এবং অন্য দুই বাম দল ২টি করে আসনে এগিয়ে। ইতিমধ্যে তিনটি বাম দলই একটি করে আসন দখল করেছে। ফলাফলের এই ধারা বজায় থাকলে বামেদের ঝুলিতে ১৮টি আসন আসতে চলেছে। মাত্র ২৯টি আসনে লড়াই করে অর্ধেকের বেশি আসনে জয় পাওয়া মোটেও সহজ নয় বলছে রাজনৈতিক মহল। তবে নির্বাচনে কংগ্রেসের অবস্থা শোচনীয় বলে মনে করছেন অনেকেই। পদ্ম ঝড়ে ধোপেও টিকবে না হাত। এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। যদিও ফাইনাল ফলাফল-ই তা নিদ্দিষ্ট করবে।
