বিবিপি নিউজ: তপসিয়ার রেশ কাটতে না কাটতেই ফের শহরে বিধ্বংসী আগুন। বৃহস্পতিবার ভোররাতে আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। এদিন ভোর ৪টে নাগাদ ঘটনাটি ঘটেছে কালীঘাট রোডের পটুয়াপাড়ার বস্তিতে। একটি একতলা বাড়ি থেকে আগুন ছড়িয়ে পড়ে বস্তি এলাকায়। মুহুর্তের মধ্যে আগুনে গ্রাস করে এলাকা।
স্থানীয়রা জানান, এদিন ভোর ৪টে নাগাদ পটুয়াপাড়ার একটি একতলা ঘরে আচমকা আগুন লাগে। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘন জনবসতিপূর্ণ এলাকায়। দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিনের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই ঘরের ভেতর থাকা এক বৃদ্ধার। তাঁর নাম বীভা পাল (৬৫)। তাঁকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয়েছেন তাঁর ভাইপো। তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। তবে আগুন ছড়িয়ে না পড়ায় বড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে ওই ঘিঞ্জি বস্তি এলাকা। কালীঘাটের এই পটুয়াপাড়ায় মূলত প্রতিমা তৈরি হয়। অভিযোগ, এদিন এই এলাকার সরু গলি দিয়ে ভেতরে ঢুকতে বেশ বেগ পেতে হয় দমকলকে।কীভাবে এদিন আগুন লাগল তা পরিষ্কার বলতে পারেনি দমকল। তবে ওই ঘর থেকে দুটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে কালীঘাট থানার পুলিশ। রান্নার গ্যাস লিক করে আগুন ধরে গিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
