বিবিপি নিউজ: আর মাত্র কয়েকটা ঘন্টা। রাত পোহালেই শহর কলকাতা থেকে রাজ্যের বিভিন্ন জেলায় ছুটবে বহু প্রতীক্ষিত লোকাল ট্রেন। মারন ভাইরাস করোনা সংক্রমণের কারণে দীর্ঘ সাত মাস বন্ধ ছিল। বুধবার (১১'ই নভেম্বর) সেই মাহেন্দ্রক্ষণে আবারো ছুটবে কুয়াশা ভেদ করে। শিয়ালদহ ও হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে করোনা ভাইরাস সংক্রমণ এড়িয়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোরকদমে। বিভিন্ন স্টেশনে স্বাভাবিক ছবি ফিরিয়ে আনতে কাজে নেমে পড়েছেন রেলকর্মীরা।
তবে, ভিড় নিয়ন্ত্রণের দায়িত্ব কে নেবে তা নিয়ে একে অন্যের কোর্টে বল ঠেলা হচ্ছে। মঙ্গলবার সকালে একটি এসওপি জারি করে নবান্ন। অন্যান্য বিধিনিষেধের সঙ্গে জানানো হয় যে স্টেশনে ভিড় নিয়ন্ত্রণে কোনও ব্যবস্থার প্রয়োজন হলে তা করবে রেল। যদিও এর আগে রাজ্যকেই এই ব্যবস্থা তৈরি করতে বলেছিল রেল। রেলের আধিকারিকরা জানান, পূর্ব রেল এবং দক্ষিণ–পূর্ব রেল ৬৯৬টি ট্রেন চালাবে বুধবার থেকে। সেখানে ৪১৩টি ট্রেন শিয়ালদহ থেকে ছাড়বে। আর ২০২টি ট্রেন ছাড়বে হাওড়া থেকে। বাকি ৮১টি ট্রেন চলবে খড়গপুর থেকে। স্টেশনে ঢোকা ও বেরনোর রাস্তা নির্দিষ্ট করতে হবে। স্টেশনের বাইরে থাকবে পুলিশ। স্টেশনে ঢোকার আগে থার্মাল চেকিং করা হবে। মাস্ক আছে কিনা তা দেখা হবে। স্টেশনের বাইরে বা রাস্তা সংলগ্ন রেললাইনে জটলা এড়াতে নজর রাখবে পুলিশ। ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল পরিষেবা চালু হচ্ছে।
