বিবিপি নিউজ: দীর্ঘদিন পর অবশেষে জম্মু-কাশ্মীরে আংশিকভাবে রেল পরিষেবা শুরু করল ভারতীয় রেল। বারামুলা থেকে বানিহাল পর্যন্ত ফের রেলপথে শুরু হল যাতায়াত৷ রেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে খুশি স্থানীয় রেলযাত্রীরা। করোনা ভাইরাস মহামারির জেরে উপত্যকায় রেল পরিষেবা বন্ধ করেছিল কতৃপক্ষ। এরপরে সবকিছু ধাপে ধাপে স্বাভাবিক হতে শুরু করলে প্রথমে সড়ক ও বিমান পরিষেবা শুরু করা হয়৷ অপেক্ষা ছিল শুধুমাত্র রেল পরিষেবা চালু হওয়ার৷ এবার সেটাও শুরু হয়ে যাওয়ায় খুশি স্থানীয়রা৷উপত্যকায় রেল পরিষেবা ফের চালু হওয়ার পর পর্যটন ক্ষেত্র লাভবান হবে বলে আশা করছেন রেলমন্ত্রী পীয়ুষ গোয়েল। রেলমন্ত্রী এক ট্যুইটে রেল পরিষেবা চালু হওয়ার বিষয়ে জানিয়েছেন, "প্রাথমিকভাবে ওই রুটে দু'টি ট্রেন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।"
মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১
