বিবিপি নিউজ: মাদক মামলায় আজ মঙ্গলবার বিকেলে ৪ টায় তলব করেছিল কলকাতা পুলিশ। কিন্তু বিজেপি নেতা রাকেশ সিং ইমেইল মারফত কলকাতা পুলিশকে এদিন হাজিরা দিতে পারবেন না বলে জানিয়ে দেয়। এরপরেই প্রায় আড়াই ঘণ্টা দড়ি টানাটানির পর বিজেপি নেতা রাকেশ সিংয়ের বাড়িতে ঢুকলেন কলকাতা পুলিশের আধিকারিকরা।
এদিন দুপুর আড়াইটে নাগাদ রাকেশ সিংয়ের খোঁজে আলিপুর চিড়িয়াখানা এলাকায় রাকেশের বাড়ি পৌঁছে যান কলকাতা পুলিশের আধিকারিকরা। কিন্তু তাঁর বাড়িতে পুলিশ পৌঁছতেই পুলিশ আধিকারিকদের বাড়িতে ঢুকতে বাধা দেন রাকেশ সিংয়ের আত্মীয়রা। সার্চ ওয়ারেন্ট দেখতে চান তাঁরা। সার্চ ওয়ারেন্ট দেখাতে না পারায় দরজা আগলে দাঁড়িয়ে থাকেন তাঁরা। ওদিকে রাকেশ সিংয়ের করা মামলায় কলকাতা পুলিশের নোটিশে স্থগিতাদেশ দিতে অস্বীকার করে কলকাতা হাইকোর্ট। এর পর রাকেশ সিংয়ের বাড়ির দরজার তালা ভাঙার প্রস্তুতি শুরু করেন কলকাতা পুলিশের আধিকারিকরা। যদিও শেষ পর্যন্ত তার দরকার পড়েনি। বিকেল ৫টা নাগাদ পুলিশ আধিকারিকদের বাড়িতে ঢোকার অনুমতি দেন রাকেশ সিংয়ের আত্মীয়রা। তবে রাকেশ সিংয়ের খোঁজ মেলেনি।
