বিবিপি নিউজ: বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। অবশেষে এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন রাজীব ব্যানার্জি। রবিবার আগরতলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা। রবিবার সেই জনসভা ঘিরে সাজ সাজ রব ত্রিপুরা তৃণমূলের কর্মিমহলে। সেই সভার প্রস্তুতির মধ্যেই আগরতলায় হাজির হয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী বিজেপি-তে থেকেও নিষ্ক্রিয়। ভোটে পরাজয়ের পর আর তাঁকে দেখা যায়নি গেরুয়া শিবিরের কোনও কর্মসূচিতে। পাশাপাশি তৃণমূলে ফেরার চেষ্টা চালিয়েছেন নিরন্তর। কিন্তু, এত দিন সবুজ সঙ্কেত না মেলায় মৌনী রয়েছেন ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক। সূত্রের খবর, তৃণমূল শীর্ষ নেতৃত্বের থেকে ইতিবাচক ইঙ্গিত পেয়েই শনিবার ত্রিপুরা এসেছেন রাজীব। তাঁকে নাকি ত্রিপুরায় অভিষেকের সভায় আসতে বলা হয়েছে। যদিও, রবিবার ত্রিপুরায় হাজির থাকা প্রসঙ্গে ঘনিষ্ঠ মহলে রাজীব জানিয়েছেন, আত্মীয় স্বজনদের সঙ্গে সাক্ষাতের জন্য আগরতলায় আসা তাঁর।