বিবিপি নিউজ: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রাজ্যে চালু হতে চলেছে লোকাল ট্রেন। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন। শুক্রবার এই মর্মে নির্দেশিকা জারি করেছেন নবান্ন। তবে এক্ষেত্রে করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলতে হবে। এতদিন পর্যন্ত করোনার জন্য শুধুমাত্র স্টাফ স্পেশাল ট্রেন চলছিল। যেখানে জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরা যাতায়াত করতে পারতেন। কিন্তু, প্রায় ছয় মাস পর সর্বসাধারণের জন্য লোকাল ট্রেন চালু করার নির্দেশ দিল রাজ্য প্রশাসন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কবে থেকে চলবে লোকাল ট্রেন।
এই প্রসঙ্গে পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী ' বলেন, আগামী রবিবার থেকেই লোকাল ট্রেন চালু করা হবে। কিন্তু, রবিবার ছুটির দিন বলে হয়ত সব ট্রেন চলবে না। সোমবার থেকে আগেই মতোই স্বাভাবিকভাবে চলবে লোকাল ট্রেন। বর্তমানে স্টাফ স্পেশাল ট্রেন চলে। ৫০ শতাংশের বেশি যাত্রী যাতে লোকাল ট্রেনে না ওঠে সেজন্য অতিরিক্ত নজরদারি করা হবে। । সাধারণ মানুষের কাছে অনুরোধ একান্ত প্রয়োজন না হলে লোকাল ট্রেনে উঠবে না।
নবান্নের নির্দেশিকায় ঠিক কী বলা হয়েছে?
# ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন।
# জরুরি পরিষেবায় সম্পর্কিত নয় এই ধরনের সরকারি অফিসগুলি এবার থেকে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে পারবে এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সরকারি দফতরগুলিতে ১০০ শতাংশ কর্মী উপস্থিত থাকতে পারবেন।
# ১৬ নভেম্বর থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য খুলবে স্কুল। এই তারিখেই খুলবে কলেজ এবং বিশ্ববিদ্যালয়।
# এবার থেকে সিনেমা হল, থিয়েটার, সদন, মঞ্চ, অডিটোরিয়াম, স্টেডিয়াম, শপিং মল, বাজার, রেস্তোরাঁ, স্পা এবং জিমগুলি ৭০ শতাংশ উপভোক্তা, দর্শক উপস্থিত থাকতে পারবেন। তবে সময়সীমা রাত ১১টার বেশি নয়।উল্লেখ্য, এতদিন পর্যন্ত এই সংখ্যাটা ছিল ৫০ শতাংশ।
# প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যে কোচিং সেন্টারগুলি চালানো হয় সেগুলি ৭০ শতাংশ পড়ুয়া নিয়ে চালু করা যাবে।
# রাত্রি ১১টা পর্যন্ত ৭০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা রাখা যাবে বার এবং রেস্তোরাঁগুলি।
# সামাজিক দূরত্ব বজায় রেখে এবং করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে আউটডোর শ্যুটিং করার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।
# বিয়ে, শ্যুটিং, টিভি অনুষ্ঠান, অডিয়ো রেকর্ডিংয়ের জন্য কোনও নির্দিষ্ট হল বা ভেন্যুতে ৭০ শতাংশ মানুষ উপস্থিত থাকতে পারবেন।
নবান্নের নির্দেশিকায় জানানো হয়েছে, ৩০ নভেম্বর পর্যন্ত রাত ১১টা থেকে ভোর ৫টার মধ্যে অত্যাবশ্যক কোনও কাজ ছাড়া বাড়ির বাইরে বার হওয়া চলবে না। তবে কালীপুজো এবং দীপাবলির জন্য ২ থেকে ৫ নভেম্বর এবং ছটপুজোর জন্য ১০ এবং ১১ নভেম্বর এই নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে।