বিবিপি নিউজ: একের পর এক হেভিওয়েট রাজনৈতিক নেতারা তৃনমূলে যোগ দিতে চলেছেন। রাজ্যের তৃনমূলের প্রত্যাবর্তনের পর থেকেই বিজেপি থেকে ঘাসফুলে নাম লিখিয়েছেন গেরুয়া নেতার। মুকুল রায়,বাবুল সুপ্রিয়র পর তৃনমূলে যোগ দিয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো।
এবার কংগ্রেস ছেড়ে তৃণমূলে যেতে পারেন আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা শীঘ্রই তৃণমূলে যোগ দিতে চলেছেন। তাঁর সঙ্গেই ঘাসফুল শিবিরে শামিল হতে পারেন উত্তর-পূর্বের ওই রাজ্যের অন্তত এক ডজন কংগ্রেস বিধায়ক। ২০১০ থেকে ২০১৮ পর্যন্ত মেঘালয়ের মুখ্যমন্ত্রী পদে ছিলেন মুকুল। বর্তমানে তিনি ওই রাজ্যের বিরোধী দলনেতা। কেন তিনি হঠাৎ কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত নিলেন? স্থানীয় সূত্রের খবর, মাস দেড়েক আগে তাঁর বিরোধী গোষ্ঠীর নেতা হিসেবে পরিচিত লোকসভা সাংসদ ভিনসেন্ট পালাকে মেঘালয় প্রদেশ কংগ্রেসের সভাপতি নিয়োগ করা হয়। তার পর থেকেই তৃণমূলের সঙ্গে ‘যোগাযোগ’ শুরু মুকুলের। পূর্ব গারো পাহাড়ের প্রভাবশালী নেতা মুকুল দল ছাড়লে মেঘালয়ে কংগ্রেসের বড় ক্ষতি হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
