বিবিপি নিউজ,কলকাতা: তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার এখনও রেশ কাটেনি। তার মধ্যেই এবার মহানগরের ব্যাস্ত এলাকার হোটেলে বিধ্বংসী আগুন। নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে আগুন লাগে। ভিতরে বেশ কয়েকজন আটকে ছিলেন। ৯ জনের মৃ্ত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বেশ কয়েকজনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছে। ধোঁয়ায় অসুস্থ হয়েছেন আরও ৬ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, নিউ মার্কেটের ওই হোটেলে গতকাল রাত দুটো নাগাদ আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌছায় দমকলের চারটি ইঞ্জিন। পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। হোটেলে বেশ কয়েকজন অতিথি ছিলেন। ৯ জনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দমকলের চারটি ইঞ্জিন হোটেলের আগুন নিয়ন্ত্রণে আনে। এখন পুলিশ হোটেলের আশপাশ ঘিরে রেখেছে। উদ্ধার হওয়া ৯ জনেরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এখনও এই নিয়ে হাসপাতাল কিংবা প্রশাসনের তরফে কিছু অবশ্য জানানো হয়নি। তবে মৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ২ জন মহিলা এবং এক শিশু রয়েছে বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে বাংলাদেশের নাগরিকও রয়েছেন। তাঁরা চিকিৎসার জন্য কলকাতা এসেছিলেন। জানা গিয়েছে, এসি থেকে প্রাথমিকভাবে আগুন লাগার পর হোটেলের চারটি ঘরে ছড়িয়ে পড়ে। অনেকে ছাদে উঠে পড়েন। তবে, যে ৯ জনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছে, তাঁদের ঘুম ভাঙেনি বলে জানা গিয়েছে। ধোঁয়ায় তাঁরা অচৈতন্য হয়ে পড়েন বলে মনে করা হচ্ছে।
