বিবিপি নিউজ: সংবাদ আগে মানবতা তার পর ধর্ম অর্থাৎ মানবতাই শ্রেষ্ঠ ধর্ম- একথা মনেপ্রাণে বিশ্বাস করেন রেডিও সঞ্চালক তথা অভিনেতা মীর আফসার আলি। সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বরাবর ফুটে উঠে মীরের সোশ্যাল মিডিয়া পোস্টে। এর জেরে বারবার আক্রমণের মুখে পড়তে হয়, কিন্তু সেই নিয়ে মাথা ঘামান না মীর। এবার দুর্গাপুজোর স্মৃতির কথা শেয়ার করে আক্রমণের মুখে পড়ে ‘হতাশ’ হলেন মীর। আক্ষেপের সুরে জানালেন, ‘অশেষ ধন্যবাদ তাঁদের যাঁরা বার বার মনে করিয়ে দেন আমি শুধুই একজন মুসলমান, আর অন্য কোনো পরিচয় নেই মীরের'। এক প্রমোশ্যানাল ভিডিয়ো বার্তায় ছেলেবেলায় দুর্গাপুজোয় কী করতেন তিনি? কেমন কাটত দিনগুলো? সেই পুরনো অভিজ্ঞতা শেয়ার করেছেন। আর সেই প্রমোশ্যানাল ভিডিয়ো বার্তায় বিতর্ক তৈরি হয়েছে। দুর্গাপুজো নিয়ে মুখ খুলতেই ধর্মের ধ্বজাধারীদের রোষের মুখে মীর। সোশ্যাল মিডিয়াতেই তাই আক্ষেপ মীরের, ‘এত যুগ বাদেও মানুষকে বোঝানো গেল না যে, ধর্ম যার যার নিজের ব্যাপার। কিন্তু ‘উৎসব’ সবার'।
