বিবিপি নিউজ: আজ সোমবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এদিনই ঘোষণা করা হবে ২০২২ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি। পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করবেন। গত দু’বছর ধরে করোনার কারণে শিক্ষাক্ষেত্র যে ভাবে প্রভাবিত হয়েছে তা ছাত্র-ছাত্রীদের জন্য একটা বড় ধাক্কা। সমস্ত কিছু সামাল দেওয়া হলেও, তাতে নানা বিতর্ক, নানা প্রশ্ন থেকেই গিয়েছে। ধীরে ধীরে করোনা পরিস্থিতি যখন স্বাভাবিক হতে চলেছে, স্কুল খুলছে আগামী মাস থেকে তখন একটু একটু করে আবারও নিজেদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে পড়ুয়ারা।
তবে বিশেষ সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, মার্চের প্রথম সপ্তাহেই হতে পারে মাধ্যমিক। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে উচ্চ মাধ্যমিক শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে নিঃসন্দেহে চলতি শিক্ষাবর্ষ অত্যন্ত তাৎপর্যপূর্ণ পড়ুয়াদের জন্য। মাধ্যমিক শিক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষা, বোর্ডের পরীক্ষা। আগামী বছর কবে থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শুরু হবে, রুটিনই বা কেমন হবে, কোন পদ্ধতিতে পরীক্ষা হবে হাজার প্রশ্ন পড়ুয়াদের। সোমবার সমস্ত প্রশ্নের জবাব পাবেন পরীক্ষার্থীরা।