বিবিপি নিউজ: রবিবার ত্রিপুরায় গিয়ে তৃণমূল কংগ্রেসের সভা থেকে তৃণমূলে যোগ দিলেন বিজেপি নেতা রাজীব ব্যানার্জি। বিধানসভা নির্বাচনের আগে গত ২৯ শে জানুয়ারি রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে নাম লেখান। কিন্তু বিজেপিতে গিয়ে কোনঠাসা অবস্থা তৈরি হয়। অবশেষে প্রায় নয় মাস পর তিনি ফের তৃণমূল কংগ্রেসে ফিরে এলেন। তৃণমূলের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে বিদ্রোহ করে দল ছেড়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, এবার সেই অভিষেকের হাত ধরেই ঘরের ছেলে ঘরে ফিরল।
রাজীব বন্দ্যোপাধ্যায় দল ছাড়ার দিনই বিস্ফোরক ফেসবুক পোস্ট দিলীপ ঘোষের। দিলীপ ঘোষের বক্তব্য, ‘এখনও দলে কিছু দালাল রয়ে গিয়েছে। তারা উৎপাত করছে। তাদের বাদ দিতে হবে।’
| দিলীপ ঘোষের সেই ফেসবুক পোস্ট |
রবিবার সন্ধ্যায় দিলীপ ঘোষ ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে লেখা রয়েছে, ‘অনেক দালাল নির্বাচনের আগে আমাদের দলে ঢুকে গিয়েছিলেন। কিছুজন গিয়েছেন, কিছু এখন রয়েছেন। তাঁরা উৎপাত করছেন। সবাইকে বাদ দেব। এরা চায় না বিজেপি শক্তিশালী হোক।’ প্রথম থেকেই অন্য দল ভাঙিয়ে বিজেপিতে যোগদান করানো নিয়ে দিলীপ ঘোষ যে খুব একটা সন্তুষ্ট ছিলেন না, দিলীপ-ঘনিষ্ঠরা তেমনটাই দাবি করেন। তিনি প্রথম থেকেই বলে এসেছেন, ক্ষমতার জন্য বিজেপিতে এলে তাঁদের টিকে থাকা মুশকিল। এদিনও তাঁর পোস্টে সে কথাই উঠে এল। কারও নাম করে কিছু না লিখলেও, তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া যে সমস্ত নেতারা দলের কোনও কাজে আসেন না, দিলীপের লক্ষ্য তাঁরাই।