বিবিপি নিউজ: রাজারহাট নিউটাউন নতুনপুকুর রামকৃষ্ণ সেবা মিশনের রাঁধুনির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় মিশনের মহারাজকে গ্রেফতার করল টেকনোসিটি থানার পুলিশ। ধৃত মহারাজের নাম স্বামী হরিমায়া নন্দ।
শুক্রবার সকালে এক রাঁধুনির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয় নিউটাউনের নতুনপুকুর এলাকার রামকৃষ্ণ সেবা মিশনে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি সুইসাইড নোটও উদ্ধার করে। রোহিত হালদার নামে ওই রাঁধুনিকে খুন করা হয়েছে বলে অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় বিষয়টিকে নিয়ে শুক্রবার কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। পরে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশও। মহারাজকে একপ্রকার ঘাড় ধাক্কা দিয়ে মিশন থেকে বার করে আনতে দেখা যায় স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, শুক্রবার সকালে রামকৃষ্ণ সেবা মিশনের ওই রাঁধুনিকে ডাকাডাকি করার পরেও কোনও সাড়া পাওয়া যাচ্ছিল না। এরপরই তাঁর ঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকা হয়। তখন ঘরের ভিতর তাঁর দেহ ঝুলন্ত অবস্থায় দেখা যায়। এই ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। স্থানীয়দের অভিযোগ, আশ্রমের মহারাজ রাঁধুনির উপর অত্যাচার করতেন এবং তাঁর সহকর্মীরাই ওই রাঁধুনিকে মেরে ফেলেছে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এলাকার। আশ্রমের মহারাজকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। পরে মহারাজকে মারধর করা হয় বলেও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় টেকনোসিটি থানার পুলিশ। পুলিশকর্মীদের সঙ্গে স্থানীয়দের একাংশের ধস্তাধস্তিও হয়।