তৃণমূলে আসতে চাইছেন আরও সাত- আটজন বিধায়ক! বিজেপি-তে বড় ভাঙনের ইঙ্গিত মমতার - BBP NEWS

Breaking

বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২

তৃণমূলে আসতে চাইছেন আরও সাত- আটজন বিধায়ক! বিজেপি-তে বড় ভাঙনের ইঙ্গিত মমতার

 



বিবিপি নিউজ: তৃণমূলের সাংগঠনিক নির্বাচনে বক্তব্য রাখতে গিয়ে ফের বিজেপি ভাঙনের ইঙ্গিত দিলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আরও সাত থেকে আটজন বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিতে চাইছেন৷ তাঁদেরকে দলে নিতে তাঁর যে আপত্তি নেই, এ দিন তাও স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলনেত্রী৷ ফলে ওই বিজেপি বিধায়কদের তৃণমূলে যোগ দেওয়া এবার সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

এ দিন তৃণমূলের সাংগঠনিক নির্বাচনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করেন৷ তাঁর দাবি, 'এখানে আসতে আসতেই শুনলাম, আরও সাত আটজন বিজেপি বিধায়ক আমাদের দলে আসতে চান৷ তাঁরা উন্নয়নে সামিল হতে চান৷ তাঁদের সবাইকে স্বাগত৷'প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বিজেপি ছেড়ে একের পর এক বিধায়ক এবং নেতা তৃণমূলের ফিরতে শুরু করেন৷ এঁদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য নাম ছিল মুকুল রায়৷ এ ছাড়াও রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্তের মতো শাসক দল ছেড়ে বিজেপি-তে যাওয়া নেতারাও তৃণমূলে ফিরে এসেছেন৷ শিবির বদল করেছেন মুকুল রায় সহ মোট পাঁচজন বিধায়ক৷ সেই তালিকায় রয়েছেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, বিষ্ণুপুরের তন্ময় ঘোষ, কালিয়াগঞ্জের সৌমেন রায় এবং রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী৷ বিধায়কদের ধরে রাখতে মরিয়া বিজেপি মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করার জন্য বিধানসভার অধ্যক্ষের কাছে আবেদন করেছেন৷ মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হবে কি না, তা নিয়ে খুব শিগগিরই রায় দেবেন বিধানসভার অধ্যক্ষ৷ বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টেও মামলা চলছে৷


Pages