বিবিপি নিউজ: রাজ্যের নাগরিকদের নিরাপত্তা আরও দৃঢ় করতে প্রস্তুত রাজ্য প্রশাসন। এবার আরও আটটি থানা তৈরির সিদ্ধান্ত নিলেন রাজ্য সরকার। বুধবার রাজ্যের স্বরাষ্ট্রদফতরের পক্ষ থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই আটটি থানা তৈরি হবে উত্তর ২৪ পরগনা জেলার ব্যরাকপুর পুলিশ কমিশনারেটের মধ্যে। ওই আট নতুন থানা হলো, দক্ষিণেশ্বর, কামারহাটি, নাগেরবাজার, মোহনপুর, বাসুদেবপুর, শিবদাসপুর, হালিশহর ও জেঠিয়া।
নতুন আট থানার পাশাপাশি পাঁচটি নতুন সাইবার থানাও চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র দফতর। ওই পাঁচ সাইবার থানা হবে রানাঘাট, ইসলামপুর, বনগাঁ, জঙ্গিপুর ও চন্দননগরে। স্বরাষ্ট্র দফতর সূত্রে জানা গিয়েছে, জনসংখ্যা বেড়ে যাওয়ার কারণে বড় থানাগুলি ভেঙে নতুন থানা চালু করা হচ্ছে। যাতে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা যায় এবং বিভিন্ন ঘটনা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গিয়ে যাতে ভোগান্তি না পোহাতে হয়, তার জন্য থানার সংখ্যা বাড়ানো হচ্ছে।