ডিএ আন্দোলনকারীদের মিছিলে পুলিশি হস্তক্ষেপ, ধুন্ধুমার বিকাশ ভবনের সামনে, আটক অনেক - BBP NEWS

Breaking

বুধবার, ২৪ মে, ২০২৩

ডিএ আন্দোলনকারীদের মিছিলে পুলিশি হস্তক্ষেপ, ধুন্ধুমার বিকাশ ভবনের সামনে, আটক অনেক

 



বিবিপি নিউজ: বুধবার বিকাশ ভবনের সামনে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল ডিএ আন্দোলনকারীদের সংগ্রামী যৌথ মঞ্চ। 


আর সেই মিছিলে পুলিশি হস্তক্ষেপের পর বিকাশ ভবনের সামনে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। বহু বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তিতে উত্তপ্ত হয়ে এলাকা।


এদিন, মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনকারী সরকারি কর্মচারীদের মূল অভিযোগ, যাঁরা আন্দোলন করছেন, তাঁদের বেছে বেছে বদলি করে দেওয়া হচ্ছে। বাসস্থান থেকে অনেক দূরে ইচ্ছাকৃত ভাবে এই বদলি করা হচ্ছে বলে অভিযোগ।

 ডিএ-র দাবিতে প্রতিবাদে শামিল হওয়ার কারণেই সরকার এ ভাবে পাল্টা শোধ তুলছে, দাবি বিক্ষোভকারীদের। সেই ‘অন্যায়’ বদলির প্রতিবাদেই বিকাশ ভবনের সামনে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল সংগ্রামী যৌথ মঞ্চ।


আন্দোলনকারীদের বক্তব্য, তাঁরা শান্তিপূর্ণ ভাবেই মিছিল করছিলেন। তাঁদের তরফ থেকে কোনও অশান্তি করা হয়নি। মিছিল ধীরেসুস্থে এগোচ্ছিল বিকাশ ভবনের দিকে। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই বিনা প্ররোচনায় মিছিলে পুলিশ হস্তক্ষেপ করে বলে অভিযোগ। মিছিল এগিয়ে নিয়ে যেতে বাধা দেওয়া হয়। তার পরেই গোলমাল শুরু হয়।


পুলিশি হস্তক্ষেপের প্রতিবাদে রাস্তায় বসে পড়েন আন্দোলনকারীদের কেউ কেউ। অনেককে বাসের তলায় শুয়ে পড়েও প্রতিবাদ জানাতে দেখা গিয়েছে। সরকার এবং পুলিশের বিরুদ্ধে স্লোগান ওঠে মিছিল থেকে। প্ল্যাকার্ড হাতে পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন তাঁরা। 

এই গোলমালের ফলে বিকাশ ভবন চত্বরে বিস্তর সমস্যায় পড়েন সাধারণ মানুষ। যানজটও তৈরি হয় ওই এলাকায়। অভিযোগ, মিছিল ছত্রভঙ্গ করতে ধরপাকড় শুরু করে পুলিশ। আন্দোলনকারীদের মধ্যে থেকে অন্তত ৬০ জনকে আটক করা হয়েছে। তাঁদের নিয়ে যাওয়া হয়েছে বিধাননগর দক্ষিণ থানায়।

Pages