বিবিপি নিউজ: হোস্টেলের মধ্যে ফোনা রাখা নিষিদ্ধ। আর সেই নিয়ম উপেক্ষা করে গোপনে চলছিল প্রেম। কিন্তু নজরে পড়ে যায় এক শিক্ষকের। সেই শিক্ষক ওই ১৪ বছর বয়সী ছাত্রীর ফোন কেড়ে নেন। এরপর রাগে ওই পড়ুয়া হোষ্টেল আগুন লাগিয়ে দিল। এই ঘটনায় আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হল ২১ জনের।
পাশাপাশি আহত হয়েছেন আরও অনেক ছাত্রী। তাদের মধ্যে অভিযুক্ত ছাত্রীও রয়েছেন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আমেরিকার গায়ানায়। পুলিশ সূত্রে খবর, বছর চোদ্দোর ওই ছাত্রীর তার থেকে বয়সে অনেক বড় এক ব্যক্তির সঙ্গে প্রণয়ের সম্পর্ক গড়ে উঠেছিল। সেই সম্পর্কের কথা জানতে পারেন শিক্ষক। তার পরই ছাত্রীর ফোন কেড়ে নেন। শিক্ষক ফোন নিয়ে নিতেই ছাত্রী হুমকি দিয়েছিল, হস্টেলে আগুন লাগিয়ে দেবে। তার সেই হুমকি হালকা ভাবেই নিয়েছিলেন শিক্ষক। কিন্তু বাস্তবে যে সেই কাণ্ডই ঘটাবে সেটা কল্পনাও করতে পারেননি কেউ।
সোমবার রাতে মহদিয়া সেকেন্ডারি স্কুলে মেয়েদের হস্টেলে আগুন লেগে যায়। মুহূর্তেই সেই আগুন হস্টেলের একাংশে ছড়িয়ে পড়ে। বহু ছাত্রী এবং হস্টেলের কর্মী ঘরে আটকে পড়েন। খবর দেওয়া হয় দমকলে। কিন্তু যত ক্ষণে দমকল এসে আগুন নেভায়, তত ক্ষণে ২১ ছাত্রীর ঝলসে মৃত্যু হয়েছে। আহত আরও বহু ছাত্রী এবং হস্টেলের বেশ কয়েক জন কর্মী। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।
