বিবিপি নিউজ: বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিষ্ফোরণে নিহত হয়েছেন ১২ জন। ওড়িশার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কারখানার মালিক তথা মূল অভিযুক্ত ভানু বাগের। অবশেষে ১১ দিন পর অভিশপ্ত খাদিকুল গ্রামে পা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শনিবার দুপুরে খাদিকুলে যাওয়ার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানে ২ ঘণ্টার কর্মসূচি আছে বলে জানা যাচ্ছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলতে পারেন মুখ্যমন্ত্রী। মতার উপস্থিতিতে মৃতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
এগরা ১ নম্বর ব্লকের সাহাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার খাদিকুল গ্রাম রাজ্যের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। পড়শি রাজ্য ওড়িশা থেকে খাদিকুলের দূরত্ব খুব বেশি নয় বলেই জানা যাচ্ছে।
গত ১৬ মে দুপুর ১২ টা ১০ মিনিট নাগাদ ওই ভঙ্ককর বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে সিআইডি। ঘটনার পর খাদিকুলে গিয়ে শুভেন্দু অধিকারী এনআইএ তদন্তের দাবি জানিয়ে ছিলেন। তবে আদালতে সেই আর্জি খারিজ হয়ে যায়। মমতার সফর ঘিরে প্রশাসনের প্রস্তুতি চরম পর্যায়ে। মুখ্যমন্ত্রী এলাকায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলবেন বলে সূত্রের খবর। তাই রীতিমতো তোড়জোড় শুরু হয়েছে।
