বিবিপি নিউজ: হিমাচল প্রদেশে গত কয়েক দিনে ভারী বৃষ্টিপাতের ফলে রাজ্যজুড়ে মারাত্মক ভূমিধস এবং আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ঘরবাড়ি ও রাস্তাঘাটের ক্ষয়ক্ষতির পাশাপাশি বিস্তীর্ণ শহর জলে তলিয়ে গেছে। এমনকি টানা বৃষ্টিতে সিমলার একটি পাহাড়ে বৃষ্টির জলে ভেসে গেছে টয় ট্রেনের রেললাইনের মাটির নিচের অংশ। এতে শূন্যে ঝুলে থাকতে দেখা গেছে লাইনের বড় একটি অংশ।
যদিও এই লাইনটি মূল রেললাইনের কোনো অংশ নয়। তবে কালকা থেকে সিমলা পর্যন্ত যাওয়া এই টয় ট্রেনের লাইনের সঙ্গে জড়িয়ে আছে অনেকের শৈশব। পাহাড়ের ওপর দিয়ে বয়ে যাওয়া ৯৬ কিলোমিটার দীর্ঘ এই লাইন কালকা থেকে শুরু হয়ে সিমলার পাহাড়ের ওপর দিকে চলে গেছে।
এই ট্রেনে চলার সময় পর্যটকরা উপভোগ করতে পারেন দুই পাশের পাহাড়ি সৌন্দর্য্য ও বনাঞ্চল। এই পথে চলাচল করতে প্রায় ৫ ঘণ্টা সময় প্রয়োজন হয়।
তবে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়ার পর লাইনটি এখন ব্যবহারের অনুপযোগী হয়ে উঠেছে। রেলের এক কর্মকর্তা জানিয়েছেন, আবারও এই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হতে বেশ কয়েক মাস সময় লাগবে।
এদিকে বৃষ্টিজনিত কারণে হিমাচল প্রদেশে এখন পর্যন্ত সবমিলিয়ে ৬০ জনের প্রাণহানি হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সুখিন্দার সিং সুখো জানিয়েছেন, বৃষ্টিতে রাজ্যের ১০ হাজার কোটির বেশি সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।
