পরিক্রমা শেষ, চাঁদে পা রাখার অপেক্ষায় চন্দ্রযান-৩ - BBP NEWS

Breaking

রবিবার, ২০ আগস্ট, ২০২৩

পরিক্রমা শেষ, চাঁদে পা রাখার অপেক্ষায় চন্দ্রযান-৩

 



বিবিপি নিউজ: চাঁদে পরিক্রমা শেষ হয়েছে। আর অল্প সময়ের অপেক্ষা। মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তৈরি চন্দ্রযান-৩ এবার চাঁদের মাটিতে পা রাখবে। শনিবার গভীর রাতে ল্যান্ডার বিক্রমের সর্বশেষ কক্ষপথ পরিবর্তনের ধাপ সম্পন্ন হয়েছে। চাঁদের পথে শেষ পরিকল্পিত কক্ষপথে পৌঁছে গেছে বিক্রম। এবার পাখির পালকের মতো চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে সে।


শনিবার রাত ২টার দিকে বিক্রমের শেষ কক্ষপথ পরিবর্তন করানো হয়। ইসরো জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী এগিয়েছে বিক্রম। এই মুহূর্তে বিক্রমের সঙ্গে চাঁদের সবচেয়ে কম দূরত্ব মাত্র ২৫ কিলোমিটার। সবচেয়ে বেশি দূরত্ব ১৩৪ কিলোমিটার। চাঁদের দক্ষিণ মেরুতে বিক্রম অবতরণের চেষ্টা করবে আগামী বুধবার।


বিক্রমের অভ্যন্তরে ছিল রোভার প্রজ্ঞান। চার বছর আগে এই পর্যায়ে এসেই ব্যর্থ হয়েছিল ভারতের চন্দ্রাভিযান। সব ধাপ সম্পন্ন হওয়ার পরেও চাঁদের মাটি ছোঁয়ার আগের মুহূর্তে ল্যান্ডারের সঙ্গে ইসরোর বিজ্ঞানীদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই পর্যায়টিকে তাই চাঁদে অভিযানের সবচেয়ে কঠিন পর্যায় বলে মনে করা হচ্ছে।


যদিও এবার তেমন কিছু হবে না বলেই জানিয়েছে ইসরো। তাদের দাবি, যাবতীয় বাধা মোকাবিলার জন্য প্রস্তুত চন্দ্রযান-৩।  অন্যদিকে ইতিহাস তৈরি করতে পারল না রাশিয়া। চাঁদের মাটিতে ভেঙে পড়ল রুশ মহাকাশযান 'লুনা-২৫'। রুশ মহাকাশ সংস্থা রসকসমস রবিবার এই খবর জানিয়েছে। সোমবার চাঁদে নামার কথা ছিল রাশিয়ার যানের। কিন্তু সেই স্বপ্নপূরণ হল না। সোমবার চাঁদের দক্ষিণ মেরুতে রুশ মহাকাশযানের সফল অবতরণ হলে নতুন ইতিহাস তৈরি হত।

Pages