পুরুলিয়ায় বরফ! দেখতে ভিড় স্থানীয়দের, তীব্র পারদ পতন - BBP NEWS

Breaking

রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

পুরুলিয়ায় বরফ! দেখতে ভিড় স্থানীয়দের, তীব্র পারদ পতন

  


বিবিপি নিউজ: উত্তরের পাহাড়ে নয় শীতের আবহে বরফ জমেছে দক্ষিণের জেলায়। প্রবল ঠান্ডায় পুরুলিয়ায় দেখা গেল বরফের আস্তরণ! খড়ের গাদায় হালকা তুষারের আস্তরণ দেখতে ভিড় ঝালদায়। দিন দুয়েক আগে ওই জেলার বান্দোয়ানেও বরফ দেখা গিয়েছে। রবিবার সকালে তুষারের পুরু আস্তরণ দেখা গেল ঝালদা ব্লক এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ঝালদা থেকে খামার যাওয়ার রাস্তার ধারে খড়ের গাদার উপর হালকা তুষারের আস্তরণ দেখতে পান প্রাতর্ভ্রমণকারীরা। ক্রমে লোক জমে যায় এলাকায়। পুরুলিয়ায় হাড়কাঁপানো ঠান্ডা পড়লেও এমন ব্যতিক্রমী ঘটনা এই প্রথম বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহেই পুরুলিয়া শহরেরই সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গ্রামগুলিতে ঠান্ডা আরও বেশি। পুরুলিয়ার বান্দোয়ান এবং ঝালদা ব্লকের পাহাড়ি-পাথুরে এলাকায় কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা মাঝেমধ্যে হিমাঙ্কের সীমা ছুঁয়ে ফেলছে। এই আবহাওয়ায় মাঝেমধ্যে ভূমি তুষারের দেখা মিলছে বান্দোয়ান ও ঝালদা ব্লক এলাকায়। শনিবার সকালে পুরুলিয়ার বান্দোয়ান ব্লকের পাহাড় ও জঙ্গলঘেরা ডাঙ্গা এলাকায় মাটির উপর হালকা তুষারের আস্তরণ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে রবিবার ঝালদা ব্লকের খামার যাওয়ার রাস্তার ধারে একটি খড়ের গাদার উপর সাদা তুষারের আস্তরণ দেখতে পান প্রাতর্ভ্রমণকারীরা। ‘বরফ পড়ার’ কথা মুখে মুখে ছড়িয়ে পড়তেই তুষারের আস্তরণ চাক্ষুষ করতে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা।


Pages