পৌর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন মন্ত্রী সুজিত বসু - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১২ মে, ২০২৬

পৌর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন মন্ত্রী সুজিত বসু

 


বিবিপি নিউজ,কলকাতা: পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু । সোমবার সল্টলেকে সিজিও কমপ্লেক্সে‌ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীদের (ED) মুখোমুখি হয়েছিলেন তিনি। প্রায় সাড়ে দশ ঘণ্টা জিজ্ঞাবাদ করেন ইডি আধিকারিকরা। আর তারপরেই ইডির জালে তৃণমূলের প্রাক্তন মন্ত্রী। ইডি সূত্রে খবর, বয়ানে অসঙ্গতি এবং অসহযোগিতা করার অভিযোগে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি, উত্তর দমদম, দক্ষিণ দমদম এবং হালিশহর সহ বিভিন্ন পুরসভায় নিয়োগের ক্ষেত্রে ব্যাপক কারচুপি হয়েছে। যে সময়ে এই ঘটনা ঘটেছে সেই সময় সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভার সঙ্গে যুক্ত ছিলেন। তাই সেই সময়ের নিয়োগ প্রক্রিয়ায় তাঁর কোনও ভূমিকা ছিল কি না, তা জানতেই এই জিজ্ঞাসাবাদ।



ইডির দাবি, পুরসভায় অযোগ্য প্রার্থীদের টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছিল। তাতেই নাম জড়ায় সুজিতের। উল্লেখ্য, এর আগে পুর নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীল গ্রেফতার হয়েছিলেন।তাঁকে জিজ্ঞাসা করে সুজিতের নাম মেলে। তবে শুধু ইডি নয়, আগে সিবিআইও তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল। ইডির আরও দাবি, সল্টলেক সেক্টর ফাইভে সুজিতের ছেলের রেস্তোরাঁ থেকে মিলেছিল ৪৫ লক্ষ টাকা। কোনও খাবার টেবিল, কিচেন ছাড়াই রেস্তোরাঁ কীভাবে চলছে? সন্দেহ বাড়ায় গোয়েন্দাদের। রেস্তোঁরার আড়ালে কালো টাকা সাদা করতেন রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দাবি ইডির। 

Pages