বিবিপি নিউজ: ঝাড়গ্রামের মমতা তৃণমূল তথা কালীঘাট তৃনমূল পন্থী নেতা অজিত মাহাতোকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাত ২টো নাগাদ তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। যদিও তাঁর পরিবারের দাবি, অজিত মমতা তৃণমূল করেন বলে মিথ্যা অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।অজিতের পরিবারের অভিযোগ, মধ্যরাতে শাবল দিয়ে বাড়ির দরজা ভেঙে অজিতকে ধরে নিয়ে গিয়েছে পুলিশ।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে গোপীবল্লভপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অজিত। কিন্তু বিজেপি প্রার্থী রাজেশ মাহাতোর কাছে ২৬ হাজারেরও বেশি ভোটে হেরে যান। বিধানসভা নির্বাচনের পর তৃণমূল মমতা এবং ঋতব্রত— দুই শিবিরে বিভক্ত হয়ে গেলেও অজিত কালীঘাটপন্থী ছিলেন বলে জেলার রাজনৈতিক মহল সূত্রে দাবি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, আজ শুক্রবার ঝাড়গ্রাম আদালতে হাজির করানো হবে অজিতকে। তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আর্জি জানাবে পুলিশ। তাঁর বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ করেন ঝাড়গ্রামের বাছুরডোবার বাসিন্দা সজল দাস। সেই অভিযোগের ভিত্তিতেই আইনি পদক্ষেপ করেছে পুলিশ। অজিতের বিরুদ্ধে অভিযোগ, বন দফতরে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে চার দফায় প্রায় ১০ লক্ষ টাকা নিয়েছিলেন তিনি। কিন্তু চাকরি দিতে পারেননি তিনি। উল্টে টাকা ফেরত চাইতে গেলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
