বিবিপি নিউজ: একই দিনে পশ্চিমবঙ্গে জোড়া পুলিশি এনকাউন্টারে নিহত হলেন দুই অভিযুক্ত। উত্তর ২৪ পরগনার গাইঘাটার পর এ বার মুর্শিদাবাদের ধুলিয়ানেও পুলিশের অস্ত্র কেড়ে পালানোর চেষ্টার সময় মৃত্যু হয়েছে এক বন্দির। সামশেরগঞ্জে সুজিত মণ্ডল খুনের মামলায় ধৃত সামাউন শেখকে মঙ্গলবার দুপুরে ঘটনার পুনর্নির্মাণের জন্য পুরাতন ডাকবাংলা এলাকায় নিয়ে গিয়েছিল সিআইডি ও পুলিশ।
পুলিশের দাবি, সেই সময় এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে তিন রাউন্ড গুলি চালান সামাউন। পাল্টা পুলিশের গুলিতে তিনি জখম হন। এরপর জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। উল্লেখ্য, গত অগস্টে সুজিত মণ্ডল হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছিল, যার জেরে একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড ও বদলি হয়েছিলেন।
এর আগে মঙ্গলবার সকালেই উত্তর ২৪ পরগনার গাইঘাটায় ধর্ষণ ও খুনে অভিযুক্ত অপর এক যুবকও একইভাবে পুলিশের বন্দুক কেড়ে পালানোর চেষ্টা করলে ‘এনকাউন্টারে’ নিহত হন। সেখানেও পুলিশের দিকে তিন রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ ওঠে। একদিনের ব্যবধানে রাজ্যের দুই প্রান্তে একই কায়দায় জোড়া মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
