১২ বছরের নাবালিকাকে ‘ধর্ষণ ও খুনের' অভিযোগ, পুকুর থেকে দেহ উদ্ধার ঘিরে রণক্ষেত্র বারুইপুর, পথ অবরোধ, গণপিটুনিতে মৃত ১ - BBP NEWS

Breaking

রবিবার, ৫ জুলাই, ২০২৬

১২ বছরের নাবালিকাকে ‘ধর্ষণ ও খুনের' অভিযোগ, পুকুর থেকে দেহ উদ্ধার ঘিরে রণক্ষেত্র বারুইপুর, পথ অবরোধ, গণপিটুনিতে মৃত ১

 


বিবিপি নিউজ: ১২ বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর।  এদিন সকালে সূর্যপুর হাট এলাকার একটি পুকুর থেকে ওই নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে পথ অবরোধ করে চলে তুমুল বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। অভিযুক্ত সন্দেহে একজনকে হাতের সামনে পেয়ে চলে গণপিটুনি। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।


 পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বারুইপুরের সূর্যপুর হাট এলাকার বাসিন্দা ওই নাবালিকা শনিবার বিকেল ৪টে নাগাদ বাড়ি থেকে খাবার কেনার উদ্দেশ্যে বের হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। নাবালিকার পরিবারের অভিযোগ, বাড়ি থেকে বের হওয়ার পরপরই স্থানীয় চার যুবক তাকে জোরপূর্বক অপহরণ করে। এরপর রবিবার সকালে বাড়ি থেকে কিছু দূরে একটি পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত জনতা দেহ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশের কাজে বাধা দিয়ে দীর্ঘক্ষণ চলে পথ অবরোধ।বারুইপুর থানার পুলিশ প্রাথমিক তদন্তের পর জানিয়েছে, নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অনুমান। শরীরের ক্ষতচিহ্ন দেখে তাকে যৌন নির্যাতন বা ধর্ষণ করা হয়েছে বলেও প্রবল সন্দেহ করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট এবং ফরেনসিক পরীক্ষার পরেই মৃত্যুর প্রকৃত কারণ এবং ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে। দেহটি উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নাবালিকার পরিবারের পক্ষ থেকে চারজনের বিরুদ্ধে থানায় নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল থেকে ফরেনসিক নমুনা সংগ্রহের পাশাপাশি পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে পুলিশ এখনও অভিযুক্তদের নাম প্রকাশ করেনি। বারুইপুর পুলিশ জেলার এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ঘটনার তদন্ত অত্যন্ত গুরুত্ব সহকারে চালানো হচ্ছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের জন্য বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু হয়েছে। 


Pages