বিজেপি বিধায়কের বিরুদ্ধে দখলদারির অভিযোগ মুখ্যমন্ত্রীর কাছে ! তদন্তের আশ্বাস শুভেন্দুর - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

বিজেপি বিধায়কের বিরুদ্ধে দখলদারির অভিযোগ মুখ্যমন্ত্রীর কাছে ! তদন্তের আশ্বাস শুভেন্দুর

 


বিবিপি নিউজ: যাদবপুরের বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে দোকান দখলের  অভিযোগ তোলেন প্রতিমা রায় নামে এক মহিলা। আর বিজেপি বিধায়কের বিরুদ্ধে দখলদারির সেই অভিযোগ পৌঁছোল ‘জনতার দরবারে’ সোজাসুজি মুখ্যমন্ত্রীর কাছে।অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


বৃহস্পতিবার বিধাননগর বিজেপি কার্যালয়ে আয়োজিত সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনার কর্মসূচি বা ‘জনতার দরবারে’ বসেছিলেন ভবানীপুরের বিধায়ক তথা মুখ্যমন্ত্রী। সেখানেই যাদবপুরের বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ তোলেন প্রতিমা রায় নামে এক মহিলা। তাঁর দাবি, গত ৩০ বছর ধরে তাঁরা শাড়ি ও জামাকাপড়ের একটি দোকান চালাচ্ছেন। কিন্তু গত ১২ জুন রাতের অন্ধকারে তাঁদের সেই দোকানটি দখল করে নেওয়া হয়। ওই মহিলার অভিযোগ, বিধায়ক নিজে ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও তাঁর দুই শাগরেদকে দিয়ে এই কাজ করিয়েছেন। 


তবে সমস্ত অভিযোগ স্রেফ উড়িয়ে দিয়েছেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। তাঁর উল্টো দাবি, ‘‘অভিযোগকারী মহিলা সম্পূর্ণ অসত্য বলছেন। উনি  দীর্ঘদিন ধরে দোকানটি বেআইনি ভাবে আটকে রেখেছেন। মূল দোকান মালিক আমার কাছে সাহায্য চাইলে দলের কর্মীরা মধ্যস্থতা করে দোকান ছাড়তে বলেন। কোনও দখলদারি হয়নি।’’ একই সঙ্গে তিনি আরও বলেন, ‘‘বিজেপি রাজ্যে ক্ষমতায় এসেছে মানুষকে সঠিক বিচার দিতে, দখলদারি প্রশ্রয় দিতে নয়। আমি মুখ্যমন্ত্রীর ওপর সম্পূর্ণ আস্থাশীল। উনি জানতে চাইলে সব তথ্য-প্রমাণ তুলে ধরব।’’


Suvendu Adhikari|Jadavpur MLA| Janata Darbar| CM West Bengal|

Pages