বিবিপি নিউজ: শুক্রবারের পর শনিবার ফের কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক! ফুকেট থেকে আসা বিমানের টয়লেটের আয়নায় লেখা ‘বম্ব ইনসাইড এয়ারক্রাফ্ট’। বিমানবন্দর সূত্রে খবর, শনিবার ফুকেত থেকে কলকাতায় আসা একটি বিমান অবতরণের পর কেবিন ক্রু-রা বিমানের টয়লেট পরিষ্কার করতে গিয়ে দেখেন, টয়লেটের আয়নায় লেখা রয়েছে বিমানের ভেতরে বোমা রাখা আছে।
জরুরি পরিস্থিতিতে বিষয়টি পাইলট এবং বিমানবন্দরের নিরাপত্তা আধিকারিকদের জানানো হয়। মুহূর্তের মধ্যে বিমানটিকে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। যাত্রীদের নিরাপদে নামিয়ে তল্লাশি শুরু করে CISF, বম্ব স্কোয়াড এবং এয়ারপোর্ট পুলিশ। তবে দীর্ঘক্ষণ তল্লাশির পরেও বিমানের ভিতর থেকে সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি। প্রাথমিকভাবে অনুমান, কেউ আতঙ্ক ছড়ানোর জন্যই এই কাণ্ড ঘটিয়েছে।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার ২৩ অক্টোবর বিমানবন্দরের ৩০ নম্বর বোর্ডিং গেটের কাছের একটি মহিলা শৌচাগারে টিস্যু পেপারের ওপর হাতে লেখা একটি হুমকি বার্তা পাওয়া যায়।খবর পেয়ে সিআইএসএফ (CISF), বোম স্কোয়াড এবং বিধাননগর সিটি পুলিশ তল্লাশি চালায়। তবে তল্লাশিতে কোনো সন্দেহজনক বস্তু বা বিস্ফোরক পাওয়া যায়নি।
