ঘূর্ণিঝড় ‘আকভান’-এর অভিমুখ নিয়ে ধোঁয়াশা, বৃহস্পতি ও শুক্রে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস - BBP NEWS

Breaking

সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর অভিমুখ নিয়ে ধোঁয়াশা, বৃহস্পতি ও শুক্রে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

 


বিবিপি নিউজ,কলকাতা: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপটি শক্তি বাড়িয়ে সোমবার ঘূর্ণিঝড় ‘আকভান’-এ পরিণত হতে চলেছে। বুধবার এটি তীব্র ঘূর্ণিঝড়ে (সিভিয়ার সাইক্লোন) রূপ নিলেও এর চূড়ান্ত অভিমুখ কোন দিকে হবে, তা নিয়ে শনিবার সন্ধ্যা পর্যন্ত নিশ্চিত হতে পারেনি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তবে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।


আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, সমুদ্রের জলের তাপমাত্রা, বায়ুচাপের তারতম্য এবং বায়ুমণ্ডলের উপরের ও মধ্যবর্তী স্তরে বায়ুপ্রবাহের গতিপ্রকৃতির ওপর ঘূর্ণিঝড়ের গতিপথ নির্ভর করে। বর্তমানে এই মাপকাঠিগুলি স্পষ্ট না হওয়ায় বিভিন্ন আবহাওয়া মডেল ভিন্ন ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম অভিমুখে স্থির থাকলে তা অন্ধ্র উপকূলের দিকে এগোতে পারে। কিন্তু মাঝসমুদ্রে অভিমুখ পরিবর্তন করলে এটি পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা অথবা বাংলাদেশ-মায়ানমার উপকূলের দিকেও বাঁক নিতে পারে।


আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি সরাসরি পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়বে এমনটা ধরে নিয়ে বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি; বরং এর পরোক্ষ প্রভাবেই আবহাওয়ার পরিবর্তন হবে। আগামী বুধবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া এবং কলকাতার দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং শুক্রবার তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও হাওড়া জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


Pages